ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও মুন্সীগঞ্জে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহীর তানোর উপজেলায় মোটর সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে সোমবার পিটিয়ে হত্যা করা হয়। মুন্সীগঞ্জে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে পিটুনির শিকার হয়ে মারা যান অপর ব্যক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি জানান, তানোরের তালন্দমোহর গ্রামে সোমবার ওমর আলী দেওয়ান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
একটি মোটর সাইকেল চুরিতে জড়িত সন্দেহে মারধর করা হয় বলে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন। পরে হাসপাতালে ওমর আলীর মৃত্যু হয়।
ওসি নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় ইউপি সদস্য ইন্তাজ আলীর মোটর সাইকেল শুক্রবার চুরি হয়। সোমবার সকালে ওমর আলী গ্রামের বাজারে গেলে ইন্তাজ আলী ও তার লোকজন ওমরকে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তাকে ব্যাপক মারধর করে।"
"বেধড়ক মারপিটে ওমর আলী জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ওমর আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সন্ধ্যায় ওমর আলীর মৃত্যু হয়।"
এ ঘটনায় জড়িত কাউকে প্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে চেষ্টা চলছে বলে ওসি জানান।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার রাতে সদর উপজেলার ছোট গুহেরকান্দি গ্রামে কবির মাতবর (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএ নেয়াজী সাংবাদিকদের বলেন, "স্থানীয় দুই দল তরুণের ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের মারধরে কবির মাতবর আহত হয়। তাকে সদর হাসপাতালে আনা হলে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।"
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24