ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সোমবার হাইকোর্টে জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের বৈধতা নিয়ে রিটের চতুর্থ দিন শুনানি হয়েছে।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন। মঙ্গলবারও শুনানি অব্যাহত থাকবে।
শুনানিতে রিটকারী আবদুল মান্নানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করছে না। সংবিধান ও ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে আগে সীমানা নির্ধারণ করে পরে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, আইন অনুযায়ী প্রতিটি নির্বাচনী আসনের জন্য রেজিস্ট্রেশন কর্মকর্তা নিয়োগ করতে হবে। ওই কর্মকর্তা ওই আসনের ভোটারদের তালিকাভূক্ত করবেন। এক্ষেত্রে সীমানা পুননির্ধারণের আগেই ভোটার তালিকা করা হয়েছে।
টি এইচ খান একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন আদালতে উপস্থাপন করে বলেন, নির্বাচন কমিশন দুটি সীমানা ধরে এগুচ্ছে। তাই আগের সীমানা বহাল আছে। আগের সীমানা অনুযায়ী ভোটার তালিকা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি শেষ করেছে কিনা আদালত তা জানতে চাইলে টি এইচ খান বলেন, "ভোটার তালিকার কাজ শেষ। এখন ফিতা কেটে ভোটার তালিকা হালাল করা বাকি।"
তিনি বলেন, "সীমানা পুননির্র্ধারণের গেজেট বাতিল হলেও এক সেকেন্ডের জন্য নির্বাচন পেছাবে না। আগের সীমানা অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। "
গত ৬ আগস্ট সাবেক বিমান প্রতিমন্ত্রী ও ঢাকা-২ আসনে সাবেক বিএনপি সাংসদ আবদুল মান্নান সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে রিট দায়ের করেছিলেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট এ সংক্রান্ত গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট।
পাশাপাশি হাইকোর্ট সীমানা পুনর্নির্ধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল।
একই বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমানও রিট দায়ের করেছিলেন। আদালত সবগুলো রিট একসঙ্গে শুনানির আদেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১২৮ঘ.
bdnews24