২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মং রাজার শেষকৃত্য সম্পন্ন

হাজার হাজার শোকার্ত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সোমবার খাগড়াছড়িতে মং সার্কেলের রাজা পাইহ্লা প্র" চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা শহরের মহালছড়াস্থ রাজপ্রাসাদের মাঠে যথাযথ ধর্মীয় মর্যাদা, সামাজিক রীতি অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। তাকে শেষ বিদায় জানাতে খাগড়াছড়ি ছাড়াও অন্য দুই পার্বত্য জেলা বান্দারবান ও রাঙামাটিসহ বিভিন্ন স্থান থেকে রাজার ভক্ত ও শুভার্থীরা মহালছড়ায় সমবেত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

খাগড়াছড়ি, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাজার হাজার শোকার্ত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সোমবার খাগড়াছড়িতে মং সার্কেলের রাজা পাইহ্লা প্র" চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা শহরের মহালছড়াস্থ রাজপ্রাসাদের মাঠে যথাযথ ধর্মীয় মর্যাদা, সামাজিক রীতি অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। তাকে শেষ বিদায় জানাতে খাগড়াছড়ি ছাড়াও অন্য দুই পার্বত্য জেলা বান্দারবান ও রাঙামাটিসহ বিভিন্ন স্থান থেকে রাজার ভক্ত ও শুভার্থীরা মহালছড়ায় সমবেত হয়। অস্টেলিয়ায় একটি সেমিনারে যোগ দেওয়ার পর দেশে ফিরে গত ২২ অক্টোবর ঢাকা থেকে খাগড়াছড়ি ফেরার পথে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়ায় সড়ক দুর্ঘটনায় মং রাজা নিহত হন। তিনি ছিলেন মং সার্কেলের সপ্তম রাজা। খাগড়াছড়ি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে রাজবাড়ি প্রাঙ্গনে তার মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। সোমবার সকাল থেকেই রাজার শেষকৃত্য অনুষ্ঠানের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পরথের উপর শবদেহ নিয়ে ঐতিহ্যবাহী 'ছোয়াইংতালা' নৃত্য পরিবেশন করা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রাজার বিশেষ বাহিনী তাকে গার্ড অব অনার জানায়। রাজার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সমীরণ দেওয়ান, সাবেক সাংসদ ও উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপমণ্ডলীর সদস্য খান আতাউর রহমান কায়সার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বীর বাহাদুর, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. জয়নাল আবেদিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, ইউএনডিপি'র চিটাগাং হিল ট্র্যাকস ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির (সিএইচটিডিএফ) প্রকল্প পরিচালক প্যাট্রিক সোয়েটিং, ইউএনডিপি'র তিন পার্বত্য জেলার সমন্বয়ক রব স্টলম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়ের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩৬ ঘ.