বেনাপোল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের শার্শা উপজেলার থানা মোড়ে সোমবার ঢাকা-কলকাতা রুটের সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বেনাপোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন (৪৮)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সোমবার বেলা ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা থানা মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-কলকাতা সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক অবনি চন্দ্র জানান, পশ্চিম বাংলা রাজ্য সরকারের আওতাধীন ভূতল নিগম পরিবহনের ব্যবস্থাপনায় সৌহার্দ্য পরিবহনের নামে কলকাতা-ঢাকা রুটে এ বাস চলাচল করে থাকে।
তিনি জানান, দুর্ঘটনার পর নাভারন হাইওয়ে পুলিশ ঝিকরগাছা এলাকা থেকে বাসটি আটক করেছে। পরে যাত্রীদের কথা ভেবে বাসটি ছেড়ে দেওয়া হয়। তবে এ ব্যাপারে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অবনি জানান, মঙ্গলবার বাসটি নাভারন থানায় হস্তান্তর করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24