গাইবান্ধা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের চত্বর থেকে সরিয়ে নেয়া বাউল ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে শনিবার গাইবান্ধায় মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
বিকেলে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে এ মানববন্ধন হয়। স্থানীয় সংগঠন উদীচী, মেঘদূত, পদক্ষেপ, চারণ, থিয়েটার, সুরবাণী, নাট্য সমিতি, নাট্য সাংস্কৃতিক সংস্থা, উঠোন, দারিয়াপুর থিয়েটার, জাতীয় কবিতা পরিষদ, রবীন্দ্র সম্মিলন পরিষদ ও মোহনার দুইশ'রও বেশি কর্মী এতে অংশ নেন।
বিমানবন্দরের সামনের স্থানটিকে লালন চত্বর ঘোষণা এবং ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত উগ্র মৌলবাদীদের বিচার করারও দাবি জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪০
bdnews24