পাবনা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় ছাত্রদল কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের সাবেক বিএনপি সাংসদ ও চাটমোহর উপজেলা বিএনপি সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম।
শনিবার দুপুর ১টার দিকে আনোয়ারুল ইসলাম শহরের প্রাইম গেস্ট হাউসে দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে গেলে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত হওয়ার সত্যতা স্বীকার করে আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের একজন সাবেক সাংসদের প্ররাচনায় এবং এক ছাত্রদল নেতার নির্দেশে আমাকে অপমান করা হয়েছে।"
এ ব্যাপারে পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও তিনি জানান।
তবে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা বিষয়টি অস্বীকার করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি জানান, শনিবার সকালে পাবনার জেলা পরিষদের রশিদ হলে পাবনা জেলা বিএনপি আয়োজন করেছিল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভা।
সভায় যোগ দিতে দুপুর ১টার দিকে দলের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ আব্দুল মান্নান তালুকদার, আব্দুল মমিন তালুকদার খোকা, একেএম সেলিম রেজা হাবিব, ব্যারিস্টার নাজমুল হোসেন, ছাত্রদল নেতা আব্দুল আলিম, মাহমুদুন্নবী স্বপন প্রমুখ পাবনার প্রাইম গেস্ট হাউসে ওঠেন।
কেএম আনোয়ারুল ইসলাম তাদের সঙ্গে গেস্ট হাউসে দেখা করতে এলে কয়েকজন ছাত্রদল নেতা তাকে কিল ঘুষি মারেন। পরে তিনি গেস্ট হাউস ত্যাগ করেন।
বিকেলে যথারীতি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আব্দুল মান্নান তালুকদার, আব্দুল মমিন তালুকদার খোকা, একেএম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ব্যারিস্টার নাজমুল হোসেন, ছাত্রদল নেতা আব্দুল আলিম, মাহমুদুন্নবী স্বপন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24