২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোকে স্বীকৃতি দিতে এবার যুক্তরাজ্যের অনুরোধ

স্বাধীন দেশ হিসেবে কসোভোকে স্বীকৃতি দিতে এবার বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন দেশ হিসেবে কসোভোকে স্বীকৃতি দিতে এবার বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীরর সঙ্গে দেখা করে কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের অনুরোধের কথা জানান ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার সরকারের একই অনুরোধের কথা জানান। হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "কসোভোর স্বীকৃতির বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি তাকে জানিয়েছি আরো কিছু মুসলিম দেশের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আমরা (বাংলাদেশ) একটি সিদ্ধান্ত নেবো।" বৈঠক শেষে স্টিফেন ইভান্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু আন্তর্জাতিক বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে।" এদিকে ইফতেখার আহমদ চৌধুরী বুধবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানিয়েছিলেন দেশের স্বার্থ বিবেচনা করেই কসোভোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসেও একই অনুরোধ জানিয়েছিলো যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে ওই অনুরোধের কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় মিত্র দেশের সহায়তায় ২০০৮ সালের ১৭ ফেব্র"য়ারি সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয় মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ কসোভো। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও রাশিয়া ও সার্বিয়া এর বিরোধিতা করে। গত ১ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাশিয়া জানিয়েছে কসোভোকে জাতিসংঘের সদস্য পদ পেতে বাধা দেবে তারা। একটি দেশ ভাগ হবে কিনা বা যে দেশ জাতিসংঘের সদস্য পদ পাবে না তার সঙ্গে সম্পর্ক কেমন হবে-এসব বিষয় নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২১১৫ ঘ.