গাজীপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর আউচপাড়া এলাকার একটি বাসা থেকে শুক্রবার রাতে জাল ডলার ও টাকাসহ মাহবুব আলম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় বেশ কিছু জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাবের বরাত দিয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা রাত দেড়টার দিকে আউচপাড়ার চান মিয়ার বাড়ি থেকে মাহবুব আলমকে গ্রেপ্তার করে।
তিনি জানান, ওই বাসা থেকে একশ মার্কিন ডলারের ৩৭টি জাল নোট, বাংলাদেশী পাঁচশ টাকার ৬৪৯টি, একশ টাকার ৭৯টি, ৫০ টাকার ৯৮টি জাল নোট, টাকার মাপে কাটা কয়েকশ টুকরা কাগজ, ২৬টি ছাঁচ, একটি ল্যাপটপ, একটি ভোল্ট নিয়ন্ত্রণ যন্ত্র, চারটি মুদ্রণ যন্ত্র, মুদ্রণ যন্ত্রে ব্যবহৃত ও অব্যবহৃত ১২২টি কালির পাত্র ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া ওই বাসা থেকে একশ টাকায় ৪৬৬টি আসল দেশি নোটও উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে শনিবার টঙ্গী থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার মাহবুব আলম বাগেরহাটের সদর উপজেলার আতাইকাঠি গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১৪ ঘ.
bdnews24