চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে আয়কর ফাঁকির মামলায় সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে এ মামলার বিচার চলার সময় মেয়র আইনজীবীদের মাধ্যমে হাজিরা দিতে পারবেন।
মেয়রের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান বৃহস্পতিবার এ অনুমতি দেন। একইসঙ্গে তিনি আগামী ২০ অক্টোবর এ মামলায় পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে আয়কর ফাঁকির মামলার শুনানির সময় নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণে মেয়র মহিউদ্দিন উপস্থিত হতে পারেননি বলে তার আইনজীবীরা আদালতকে জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত আইনজীবী মারফত হাজিরের অনুমোদন মঞ্জুর করেছেন।
আয় গোপন ও হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে আয়কর বিবরণী জমা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার জিয়াউল হক ২০০৭ সালের ৭ জুলাই মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/২০৩৮ ঘ.
bdnews24