চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলায় বৃহস্পতিবার মাইক্রোবাস চাপায় মো. শাহাবুদ্দিন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামে।
এছাড়া উপজেলার বারৈয়াঢালা রেল ক্রসিংয়ের কাছে অজ্ঞাত পরিচয় সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আতাউর জানান, নিহত শাহাবুদ্দিন সাকলে সীতাকুণ্ড পৌরসভা সংলগ্ন পন্থিছিলা নামক স্থানে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে একটি দ্রতগামী মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাস ও এর চালককে আটক করা যায়নি।
এদিকে, সীতাকুণ্ড থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. খোরশেদ জানান, বারৈয়াঢালা রেল ক্রসিংয়ের কাছে রেল লাইনের ওপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে অটোরিক্সা চালকদের জন্য নির্ধারিত পোশাক ছিল। সংঘবদ্ধ অটোরিক্সা ছিনতাই দলের সদস্যরা তাকে খুন করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুটি ঘটনায় সীতাকুণ্ড উপজেলায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এসএনডি/২০২০ ঘ.
bdnews24