ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরা ও প্রতিমা দিয়ে পূজার পাশাপাশি অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মী পূজা উদযাপন করছে।
শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে এ পূজা হয়। লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হন। সরা ও প্রতিমা দিয়ে পূজা সম্পন্ন করার পাশাপাশি বাড়ির আঙিনা ও মেঝেতে লক্ষ্মীর পায়ের ছাপ ও ধানের ছড়ার আল্পনা আকাঁও এ পূজার অন্যতম অনুষঙ্গ।
রাজধানীর রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং শাখাঁরীবাজার, তাঁতিবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপূজা উপলক্ষে রামসীতা মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এক বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
লক্ষ্মীপূজায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১৫ ঘ.
bdnews24