ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠেয় সরকারের সংলাপ সফল হবে বলে আশা করছেন দুই উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান।
গঠনতন্ত্র সংশোধন করে নিবন্ধনে দল দুটি সম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তারা দুজন বলেন, দুল দুটির সঙ্গে কোনও সমস্যা থাকলে সংলাপের মধ্য দিয়েই তা কেটে যাবে।
সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কোনও সমস্যা থাকলে তা কালকের (মঙ্গলবার) সংলাপেই কেটে যাবে।"
শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "অন্য দলগুলোর সঙ্গে সংলাপের মতোই আমরা এ সংলাপেরও সফলতা আশা করছি। আমরা গঠনমূলক ও ইতিবাচক সংলাপে প্রস্তুত। মঙ্গলবারের সংলাপের মধ্য দিয়ে আমরা সফল নির্বাচনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাব।"
মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি এবং দুপুর ৩টায় জামায়াতের সঙ্গে সংলাপে বসবে সরকার।
দল দুটির সঙ্গে সংলাপের কী ফলাফল আশা করছেন- সাংবাদিকরা জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "সংলাপে সরকারের কোনও এজেন্ডা থাকবে না । যদি কোনও সমস্যা থাকে তা সংলাপের মাধ্যমে সমাধান হবে। আশা করছি, সংলাপ সফল হবে। "
নিবন্ধনের জন্য গঠনতন্ত্র সংশোধনে বিএনপি ও জামায়াতের সম্মত হওয়াকে 'ইতিবাচক' মন্তব্য করে উপদেষ্টা বলেন, "টানেলে আলোর মুখ দেখা যাচ্ছে। বিএনপি ও জামায়াত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, তারা নিবন্ধন ও গঠনতন্ত্র সংশোধন করবে। সংলাপে বসতেও ইতিবাচক মনোভাব দেখিয়েছে তারা।"
রাজনৈতিক দলগুলোকে সরকার হাত-পা বেঁধে নির্বাচনে নিতে চায় বলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "কে কী বলছে, তা বিষয় নয়। নির্বাচনের ফল কী হয়, তাই দেখার বিষয়। তবে সরকারের অবস্থান সব সময় ইতিবাচক।"
গ্রহণযোগ্য ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর বলেও জানান আনোয়ারুল ইকবাল।
গত আগস্টের সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "এর মতো নির্বাচন বাংলাদেশে আর হয়নি। আশা করছি, আগামী সংসদ নির্বাচনও ভালো হবে এবং এতে কোনও ধরনের কারচুপি হবে না।"
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আসন ভাগাভাগি করে দেওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে- সে বিষয়ে জানতে চাইলে হোসেন জিল্লুর বলেন, "এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। আমাদের লক্ষ্য সফল ও অর্থবহ একটি নির্বাচন অনুষ্ঠান। কে, কোথায়, কী মন্তব্য করল বা না করল- তার সব কিছুর জবাব দেওয়া সম্ভব নয়।"
একই বিষয়ে আনোয়ারুল ইকবাল বলেন, "এমন কিছু আমার জানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৬০৫ ঘ.
bdnews24