২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে পাহাড়িকা ট্রেনে আগুন, নামতে গিয়ে আহত ৪০

শ্রীমঙ্গল রেল স্টেশনের প্লাটফর্মে বৃহস্পতিবার বিকেলে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের পাওয়ারকারে আগুন ধরে গেলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ও লাফিয়ে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল রেল স্টেশনের প্লাটফর্মে বৃহস্পতিবার বিকেলে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের পাওয়ারকারে আগুন ধরে গেলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ও লাফিয়ে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। শ্রীমঙ্গল রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী (পথ) রুহুল আকতার খান জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে কিছু যাত্রী আহত হন।" শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা এক্সেপ্রেস বিকেল পৌঁনে ৪টার দিকে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়। এ সময়ই পাওয়ার কারের জেনারেটরে আগুন লাগার বিষয়টি বোঝা যায়। ধোঁয়া পুরো প্লাটফরমে ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে রেলের প্রকৌশলীদের চেষ্টায় অল্প সময়ের ভেতরেই আগুন নিয়ন্ত্রণে আসে।" আগুন লাগার কারণে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে বাড়তি ১৫ মিনিট আটকে থাকে বলে জানান তিনি। শ্রীমঙ্গল দমকলের দলনেতা মকবুল হোসেন বলেন, "আমরা স্টেশনে গিয়ে দেখি রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।" ওই ট্রেনের যাত্রী কুলাউড়ার বাসিন্দা খালেদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে ঢোকা মাত্র যাত্রীরা আগুনের বিষয়টি টের পায়। এ সময় আগুন আগুন বলে চিৎকার করে অনেকেই জানালা দিয়ে লাফিয়ে প্ল্যাটফরমে নামার চেষ্টা করেন। কেউ আবার নামার জন্য দড়জায় হুমড়ি খেয়ে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমএইচবি/২০০২ ঘ.