২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে শুক্রবার

আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস শুক্রবার থেকে সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে এ গ্যাস পাওয়া যাবে। দেশে তীব্র গ্যাস সংকট এবং মিয়ানমার থেকে গ্যাস পাওয়ার আশা তিরোহিত হওয়ার প্রেক্ষাপটে এ সুসংবাদ দিয়েছে পেট্রোবাংলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস শুক্রবার থেকে সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে এ গ্যাস পাওয়া যাবে। দেশে তীব্র গ্যাস সংকট এবং মিয়ানমার থেকে গ্যাস পাওয়ার আশা তিরোহিত হওয়ার প্রেক্ষাপটে এ সুসংবাদ দিয়েছে পেট্রোবাংলা। গত সোমবারও সঞ্চালন লাইনে যুক্ত হয়েছে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জালাল আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়ে বলেন "সব মিলিয়ে আগামী ৩ বছরে ৩০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।" তিনি জানান, শুক্রবার থেকে যে অতিরিক্ত ১৫ মিলিয়ন গ্যাস যুক্ত হচ্ছে তা আসছে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে। সেখানে যে রিগের মাধ্যমে খননের কাজ হচ্ছে সেটি বাখরাবাদ গ্যাসক্ষেত্রে নিয়ে আরও দু'টি কূপের কাজ করা হবে। ফেব্র"য়ারি নাগাদ এর কাজ শেষ হবে। এখান থেকে পাওয়া যাবে আরও ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। জালাল আহমেদ বলেন, "এছাড়া তিতাস গ্যাসক্ষেত্রে আর একটি নতুন কূপ খনন করা হবে। এটির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এখান থেকে যুক্ত হবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।" তিতাস গ্যাসক্ষেত্রটির বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আসার কারণে এর একটি কূপ বন্ধ করে দেওয়া হয়েছে। সাগরে দেশের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গুর উৎপাদনও কমে গেছে। গত সোমবার কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্র ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হওয়ার প্রসঙ্গ টেনে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন "এক সপ্তাহের মধ্যে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হল। এর ফলে দেশের গ্যাস পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।" আমাদের মৌলভীবাজার প্রতিনিধি বাপেক্স-এর মহা-ব্যবস্থাপক আব্দুল মোতালেবের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ২ নং কূপ থেকে এই গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত করা হচ্ছে। "বৃহস্পতিবার গ্যাসকূপে প্রস্তুতিমূলকভাবে অগ্নিসংযোগ পরীক্ষা করা হয়। গ্যাস সরবরাহের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।" চলমান গ্যাস সঙ্কটের কারণে সরকার চট্টগ্রামের নতুন শিল্প কারখানায় গ্যাসসংযোগ প্রদান সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও চাহিদার তুলনায় কম সরবরাহ করা হচ্ছে। বাঙ্গুরা থেকে প্রাপ্ত ৩০ মিলিয়নের মধ্যে ১০ মিলিয়ন চট্টগ্রাামের নতুন শিল্প কারখানার জন্য সরবরাহ করা হবে। ফেঞ্চুগঞ্জ থেকে যে ১৫ মিলিয়ন ঘনফুট যুক্ত হচ্ছে তা ঢাকায় সরবরাহ করা হবে। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে মজুদ গ্যাসের পরিমাণ সাড়ে ৭ ট্রিলিয়ন ঘনফুট। এছাড়া উত্তোলনযোগ্য অবস্থায় আছে ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এ ছাড়া ৮ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনের জন্য মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। দেশের ১৮টি গ্যাস ক্ষেত্রের ৭৯টি কূপের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৮৩৪ মিলিয়ন ঘনফুট। বুধবার উৎপাদন ছিল ১৬৮৪ মিলিয়ন ঘনফুট। সার কারখানাগুলোতে সরবরাহ করা হচ্ছে ২৪০ মিলিয়ন ঘনফুট, চাহিদা ২৮৯ মিলিয়ন ঘনফুট। আর বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বর্তমানে গ্যাসের চাহিদা ৮৬১ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৬১৩ মিলিয়ন ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এমএইচবি/১৯৩৩ ঘ.