ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের অভিযোগে বুধবার গুলশান ভূমি অফিসের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এরা হলেন সহকারী ভূমি কর্মকর্তা দৌলতউল্লাহ ও এম এল এস এস আব্দুল মতিন।
যৌথবাহিনীর সদস্য দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. শফিক রহমান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশান ভূমি অফিস থেকে ঘুষের ১৫ হাজার টাকাসহ দৌলতউল্লাহ ও মতিনকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি জানান, বুধবার এক ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের খাজনা পরিশোধের জন্য ভূমি অফিসে গেলে গ্রেপ্তার দু'জন তার কাছে ২০ হাজার টাকা ঘুষ চান। না দিলে তার অ্যাপার্টমেন্টটি বাণিজ্যিক হিসেবে দেখিয়ে বেশি খাজনা আদায় করা হবে বলে হুমকি দেন। বিষয়টি ১৫ হাজার টাকায় রফা করে এসে ওই ব্যক্তি যৌথবাহিনীকে ঘটনাটি জানান। এরপর ফাঁদ পেতে ১৫ হাজার টাকাসহ তাদের হাতেনাতে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
তিনি জানান, তাদের বাড্ডা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24