ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার শতাধিক গ্রাম এখনও পানির নিচে। কপোতাক্ষ নদের উজানে পানি আরও বাড়ায় যশোরের ঝিকরগাছা পৌরসভার ৬টি ওয়ার্ড এবং সাতক্ষীরার ১০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
সড়ক তলিয়ে যাওয়ায় সাতক্ষীরার প্লাবিত এলাকার সঙ্গে খুলনা ও যশোরের যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইছামতি নদীর উপচে পড়া পানি আমাদের দেশে ঢোকা বন্ধ করার উপযুক্ত কোন ব্যবস্থা নেই। বিভিন্ন পথে আগে থেকেই ওপারের পানি এপারে আসা শুরু হয়েছে।"
তিনি বলেন, "কপোতাক্ষের উজানে হঠাৎ করেই ৪/৫ ফুট পানি বেড়েছে। এর বড় অংশ ওপার (ভারত) থেকে আসছে। শুধু বৃষ্টির পানিতে কপোতাক্ষের পানি এতোটা বাড়ার কথা নয়।"
যশোর প্রতিনিধি জানান, কপোতাক্ষ নদ ও ইছামতী নদীর পানি বাড়া অব্যাহত থাকায় ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর উপজেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
যশোরের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) জাহিদ হোসেন জানান, গত পাঁচ দিনে কপোতাক্ষ তীরের তিনটি উপজেলার ৯টি ইউনিয়নের ৪৫টি গ্রাম ও ঝিকরগাছা পৌরসভার ৬টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এসব এলাকার ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। প্রায় তিন হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের জন্য খোলা হয়েছে ২১টি আশ্রয় শিবির। তিনটি উপজেলায় এখন পর্যন্ত ১৩ টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে ইছামতির পানি বেড়ে গেছে। এর মধ্যে আরও কিছু এলাকায় পানি ঢুকেছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, টানা বর্ষণ ও কপোতাক্ষের পানি বেড়ে যাওয়ায় তালা ও কলারোয়া উপজেলার প্লাবিত গ্রামের সংখ্যা বেড়ে ৫৭ তে পৌঁছেছে। সেই সঙ্গে বেড়েছে ওই এলাকার তিন হাজার পরিবারের দুর্ভোগ। পানিতে তলিয়ে থাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে।
সাতক্ষীরা-যশোর বাস সমিতির সময় নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, "সাতক্ষীরার নওয়াপাড়া বাজার থেকে মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে আছে। ফলে এ এলাকার সঙ্গে যশোর ও খুলনার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।"
তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
ধানদিয়ার ১৫০টি, সরুলিয়ার ৩৫০টি, কুমিরার ৪০০ ও ইসলামকাটি ইউনিয়নের ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
কলারোয়া উপজেলার দেয়াড়া, মাঠপাড়া, পাকুড়িয়া এলাকায় কপোতাক্ষর পানি প্রবল বেগে ঢুকছে। সেখানে নতুন করে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরসকাঠি বাজার পানিতে প্লাবিত হওয়ায় বাজারের ব্যবসায়ীসহ ক্রেতাদের দুর্ভোগ বেড়েছে।
বসতবাড়ি পানিতে সয়লাব হয়ে যাওয়ায় দুর্গত মানুষ সড়কের ধারে ছোট ছোট খুপড়ি ঘর তৈরি করে আশ্রয় নিয়েছে।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানিতে তলিয়ে তালা ও কলারোয়া উপজেলার ৫৭টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ সহায়তার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অচিরেই ত্রাণ কার্যক্রম শুরু হবে।"
জলমগ্ন এলাকার কাঁচা রাস্তাগুলোও তলিয়ে যাওয়ায় মানুষকে চলাচল করতে হচ্ছে নৌকা, ট্রলার ও কলার ভেলায়।
দূষিত পানির কারণে গ্রামবাসী উদরাময়, চর্মরোগসহ নানা ব্যাধির শিকার হচ্ছেন।
পুরো এলাকা জুড়ে খাবার পানির তীব্র সংকট বিরাজ করছে। এলাকায় কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে প্রকটভাবে।
ওয়ার্কার্স পার্টির জেলা পর্যায়ের নেতারা প্লাবিত এলাকা সফর করে অবিলম্বে তালা ও কলারোয়াকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন।
ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ জানান, সাতক্ষীরা ও যশোরের 'বন্যা কবলিত' এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে সরকারি সহায়তা দিতে হবে। নয়তো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/এমএইচবি/২২৪০ ঘ.
bdnews24