২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা গুঁড়োদুধ আমদানি খতিয়ে দেখতে টাস্কফোর্স

চীনে প্রস্তুত নিবন্ধনবিহীন গুঁড়োদুধ আমদানির বিষয়টি খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে প্রস্তুত নিবন্ধনবিহীন গুঁড়োদুধ আমদানির বিষয়টি খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনে প্রস্তুত কোনো কোনো কোম্পানির গুঁড়োদুধ নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়াই কীভাবে আমদানি ও বাজারজাত হচ্ছে তা নিরূপণের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকীমকে আহ্বায়ক করে আট সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে টাস্কফোর্স। স্থানীয় বাজারে নিবন্ধনবিহীন কোন কোন ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রি হচ্ছে তা চিহ্নিত করার পাশাপাশি আমদানিকারককেও সনাক্ত করবে টাস্কফোর্স। এছাড়া আমদানিনীতি অনুসারে পরীক্ষা-সনদের (টেস্টিং সার্টিফিকেট) ভিত্তিতে এসব গুড়াদুধ আমদানি করা হয়েছে কি না তাও যাচাই করে দেখবে তারা। ইতোমধ্যে চীন থেকে আমদানি করা ইয়াশলি-১ ব্র্যান্ডের গুঁড়োদুধে বিষাক্ত রাসায়নিক মেলামাইনের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকার বেসরকারি রাসায়নিক পরীক্ষাগার 'প্লাজমা প্লাস' প্রাথমিকভাবে পরীক্ষা করে এতে মেলামাইনের উপস্থিতি নিশ্চিত করে। বিএসটিআই জানায়, ইয়াশলি-১ ব্র্যান্ডের গুঁড়োদুধে কেজিপ্রতি ৭২ দশমিক ৭৭ মিলিগ্রাম মেলামাইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। ইয়াশলি-১ ও ২ এবং সুইট বেবি-২ ব্র্যান্ডের দুধ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২১২৩ ঘ.