২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাবুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

রংপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাবুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, উপজেলার বড়দরগা ইউনিয়নের পার্বতীপুর কদরের পাড়া গ্রামে সোমবার রাত ৮টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহাবুল ও আসগর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষরা আসগার আলীর ছেলে বাবুলকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত ১৫ জনের মধ্যে ইলিয়াছ (৪০) ও সুমনকে (২৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং নায়েব আলী (২৫) লালচান্দ (৩৮) ও সাদাতকে (৩৫) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওসি শাহাজাহান জানান, বাবুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার বাবা আসগার আলী একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তিনি আসামিদের নাম জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.