ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে মঙ্গলবার ব্যর্থ হয়েছেন সাবেক মন্ত্রী সাইফুর রহমান। হাইকোর্ট জামিন না দিয়ে তাকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি আবদুল আওয়ালের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশ দেয়।
পাশাপাশি এই সময়ের মধ্যে সাইফুরকে গ্রেপ্তার বা হয়রানি না করতেও সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক দিন আগেই নিম্ন আদালত এ মামলায় সাইফুর রহমানসহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
হাইকোর্টের আদেশের পর সাইফুর রহমানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান সাংবাদিকদের বলেন, "আমরা আগাম জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত বলেছেন, এ পর্যায়ে উনাকে (সাইফুর) জামিন দেওয়া যাবে না। আদালত চার সপ্তাহের মধ্যে উনাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।"
হাইকোর্টের এ আদেশের অনুলিপি (কপি) আগামী ১২ অক্টোবর ঢাকার দায়রা জজ আদালতে দাখিল করা হবে বলে রেজ্জাক খান জানান। ওই দিন এ মামলায় আগাম জামিনপ্রাপ্ত আসামি খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার চার সদস্য আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এমকে আনোয়ার ও এম সামসুল ইসলামের আদালতে হাজিরা দেওয়ার তারিখ নির্ধারিত আছে।
সাইফুর রহমান পলাতক নন বলেও দাবি করেন তার আইনজীবী।
বেজ্জাক খান বলেন, "সাইফুর রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জন্যই তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।"
সাইফুর রহমানসহ নয় জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনও ১২ অক্টোবর আদালতে জমা দিতে সোমবার নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল কাশেম ফকির গত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিএনপি-জামায়াত জোট সরকারের ১০ মন্ত্রী, এক প্রতিমন্ত্রীসহ মোট ১৬ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেন।
এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রীরা হলেন- খালেদা জিয়া, মান্নান ভূঁইয়া, সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, এম সামসুল ইসলাম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক ও প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
এছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/জিএনএ/১৪০৮ ঘ.
bdnews24