ঢাকা, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে প্রার্থীদের আচরণ-বিধি মেনে চলা পর্যবেক্ষণ এবং হফলনামায় তাদের দেয়া তথ্য সঠিক কি না তা পরীক্ষা করতে প্রতি জেলায় দুজন করে 'নির্বাচন পর্যবেক্ষণ কর্মকর্তা' (ইএমও) নিয়োগ দিচ্ছে নির্বাচন কমিশন।
প্রথমবারের মতো নিয়োগ পাওয়া এই কর্মকর্তারা আগামী ১৬ অক্টোবর থেকে মাঠে নামবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটি এম শাসুল হুদা।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, "সহকারী কমিশনার পদমর্যাদার এসব কর্মকর্তারা হবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। চূড়ান্ত প্রার্থীদের তথ্য লিফলেটের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন তারা। আগামী ১৬ অক্টোবর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রতি জেলায় দু'জন করে ইএমও নির্বাচনী তদন্ত কমিটির (ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি) নেতৃত্বে কাজ করবেন।"
সময় স্বল্পতা ও দক্ষতার অভাবে নির্বাচন কমিশন গত সিটি ও পৌর নির্বাচনে প্রার্থীদের তথ্য যাচাই করতে পারেনি। এবার সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই কমিশন ইএমও নিয়োগের উদ্যোগ নিয়েছে।
ইএমও'রা হাতে পাওয়া অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা ও যথাযথ কর্তৃপক্ষকে জানাবে।
শামসুল হুদা জানান, ১৬ অক্টোবরের মধ্যে ইএমওদের নিয়োগ চূড়ান্ত করা হবে। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা পর্যবেক্ষণের কাজ করলেও তফসিল ঘোষণার পর কমিশনের অধীনেই কাজ করবেন। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কমকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পঠিয়ে দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২২১৮ ঘ.
bdnews24