ফরিদপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদীতে একটি মালবাহী ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কার আরোহী একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। (আরও তথ্যসহ)
ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত এ দুর্ঘটনায় নিহতরা হচ্ছে- ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার বানাই গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের পুত্র সেলিম আহমেদ (৪০), তার স্ত্রী আলেয়া বেগম (৩০), তাদের মেয়ে আঁখি (১০) ও লামিয়া (২)।
নিহত অপর জন হলেন প্রাইভেট কারের চালক শাহাবুদ্দিন (৩২)। দুর্ঘটনায় সেলিমের ছেলে সবুজ (১৪) আহত হয়েছেন। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত সেলিম আহমেদ ঢাকার পোস্তগোলার কে আলী গার্মেন্টসের মহাব্যবস্থাপক বলে জানা গেছে। তিনি ঈদ শেষে ঢাকায় ফিরছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে ঢাকাগামী প্রাইভেট কারটি ওই স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, "দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। সেলিম, আলেয়া ও লামিয়া ঘটনাস্থলেই মারা যায়। আঁখি ও কারচালক শাহাবুদ্দিন মারা যায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর।"
ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও এর চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা এনামুল।
তিনি জানান, সেলিম আহমেদের ছোট ভাই শাহ আলমের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন শাহ আলম।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/এমআই/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24