২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে রাজধানীতে ৬ জন নিহত

ঈদের চার দিনের ছুটিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনায় ৬ জন নিহত হয়েছে। ছিনতাইকারী ও সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবলসহ তিন জন। এছাড়া ঈদের রাতে যাত্রাবাড়িতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লোহার সিন্দুক ভেঙে ৪ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 05:32 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের চার দিনের ছুটিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনায় ৬ জন নিহত হয়েছে। ছিনতাইকারী ও সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবলসহ তিন জন। এছাড়া ঈদের রাতে যাত্রাবাড়িতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লোহার সিন্দুক ভেঙে ৪ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট হয়েছে। নিহতরা হলেন- মতিঝিলের ব্যবসায়ী সেলিম মিয়া (৩২), যাত্রাবাড়ির গৃহবধূ ফরিদা আক্তার (৩৫), কারখানা শ্রমিক আব্দুল রাজ্জাক (২২), প্রাইভেট কার চালক রুবেল হওলাদার (৩০), কদমতলির গৃহবধূ অনামিকা আহমেদ সোমা (২৭), উত্তরায় মাহফুজুর রহমান (১৫) এবং সবুজবাগে অজ্ঞাত পরিচয় এক মহিলা (৩০) ও দয়াগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৫)। পুলিশ বুধবার সকালে মতিঝিলের আরামবাগে একটি বাড়ির পঞ্চম তলা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সেলিম মিয়ার (৩২) লাশ উদ্ধার করে। তিনি মোবাইল ফোনের ব্যবসা করতেন। সেলিমের বাবা নওশের মিয়া মতিঝিল থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে সেলিমের স্ত্রী ফ্যাশন মডেল শাকিলা ইয়াসমিন সুবর্ণা, তার কথিত প্রেমিক সাব্বিরসহ চারজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। নওশের মিয়ার অভিযোগ, "শাকিলার স্বভাব-চরিত্র ভাল ছিল না। সেলিমের আপত্তি সত্বেও সে মডেলিং করতো। দুই বছর আগে শাকিলা ইতালিতে যায়। সেখানে সে তার প্রেমিক সাব্বিরের সঙ্গে আপত্তিকর ছবিও তোলে। সেসব ছবি সেলিমের বন্ধুরা সেলিমের কাছে পাঠায়। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল।" মামলায় বলা হয়, "এই কলহের জের ধরে গত মঙ্গলবার রাতে শাকিলা, সাব্বির, শকিলার মা মালিহা ও বাবা সালাউদ্দিনসহ অন্যরা সেলিমকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়।" মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ঘটনার আগের রাতে স্ত্রীর সঙ্গে সেলিমের ঝগড়া হয়েছিল। পরদিন দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তবে লাশের পা মেঝেতে লাগানো ছিল। সেলিমকে হত্যা করা হয়েছে, না কি সে আত্মহত্যা করেছে তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। সেলিমের গ্রামের বাড়ি গোপলগঞ্জ জেলার গোপিনাথপুর। ঢাকার আরামবাগের যে ফ্ল্যাটে সেলিম থাকতেন সেই ভবনেরই ৩ তলার আরেকটি ফ্ল্যাটে শাকিলার বাবা মা থাকেন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির আল মদিনা সড়কের একটি বাসায় বুধবার ভোরে খুন হন ফরিদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক আল আমিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামী জনি খন্দকার লোহা জাতীয় ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে ফরিদাকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার দুপুরে ফরিদার লাশ উদ্ধার করা হয়। উপপরিদর্শক আল আমিন বলেন, "এই দম্পতির ৯/১০ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সে খুলনায় এক আত্মীয়ের বাসায় থাকে। ফরিদা মেয়েকে ঢাকা এনে একসঙ্গে ঈদ করতে চাইলে জনি তাতে বাধা দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে জনির হাতে ফরিদা খুন হয় বলে ধারণা করছি আমরা।" ঘটনার পর থেকে জনি পলাতক রয়েছে। বিেদকে লালবাগ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ৫/১/এ জুলমুন বেপারী লেনের একটি ভবনের চিলেকোঠা থেকে আব্দুর রাজ্জাক নামে (২২) একজনের লাশ উদ্ধার করে। লালবাগ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজ্জাক একটি এলুমিনিয়াম কারখানার শ্রমিক। ঈদের ছুটিতে তার গ্রামের বাড়ি শরিয়তপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু সে না যাওয়ায় বাড়ির লোকজন থানায় খোঁজ করে। পুলিশ ঈদের দিন কারখানায় গিয়ে চিলেকোঠা থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করে। কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ঈদের আগের রাত, অর্থাৎ বুধবার সোয়া ১০টার দিকে গুলশান থানার কাছেই একটি প্রাইভেটকার ছিনতাই হয়। সন্ত্রাসীরা চালক রুবেল হওলাদারকে (৩০) গুলি করে হত্যা করে প্রাইভেটকারটি নিয়ে চলে যায়। গুলশান থানার উপ পরিদর্শক আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা গাড়ি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে গত মঙ্গলবার সকালে সবুজবাগ থানা পুলিশ দক্ষিণগাঁও শাহীবাগ ব্যাংক কলোনীর পেছনের ঝিল থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক মহিলার লাশ উদ্ধার করে। সবুজবাগ থানার উপপরিদর্শক কাজি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলুদ ম্যাক্সি ও কমলা পেটিকোট পরা ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ মোড়ে সজীব নামের এক যুবকের ঘুষিতে মাহফুজুর রহমান নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় দুজনের ঝগড়ার এক পর্যায়ে সজীব মাহফুজকে ঘুষি মারে। মাহফুজ সংজ্ঞা হারালে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ সজীবকে গ্রেপ্তার করে। সাইফুল ইসলাম বলেন, সজীব-মাহফুজের মূলত কোনো পেশা নেই। কখনো ছিনতাই, কখনো ইট ভাঙ্গার কাজ করতো তারা। এদিকে বাবার কাছে টাকা না পেয়ে ঈদের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে হৃদয় শেখ নামে (২০) নামে এক যুবক। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবার কাছে ঈদের জন্য এক হাজার টাকা দাবি করেছিল হৃদয়। নৈশ প্রহরী বাবা টাকা দিতে অস্বীকার করায় দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। কদমতলি থানা পুলিশ শুক্রবার রাতে শনির আখড়ার একটি বাসা থেকে অনামিকা আহমেদ সোমা (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে। কদমতলি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় সোমার লাশ উদ্ধার করা হয়। এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রির্পোট ছাড়া বলা যাবে না। তবে সোমার বাবা কায়সার আহমেদ শনিবার অভিযোগ করেছেন, স্বামী নুরুজ্জামানই যৌতুকের দাবিতে সোমাকে হত্যা করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এদিকে কমলাপুর রেলওয়ে পুলিশ শুক্রবার দুপুরে দয়াগঞ্জ রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার দুই পা কেটে গেছে এবং মাথার মগজ বেরিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে বনানী রেল ষ্টেশনের উত্তর পাশের রাস্তায় পুলিশ কনস্টেবল সোহেল রানা ( কং-১৬১৬১) ও রুহুল আমিন ( কং-১০৯৮৪) ছিনতাইকারীর ছুরিতে আহত হয়েছেন। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে তিনশ টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পুুলিশ কনস্টেবল সাদা পোশাকে ছিলেন। তারা বনানী এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। একই রাতে উত্তর যাত্রবাড়ির মেঘনা রাইস এজেন্সি নামের একটি দোকানের পাহারায় থাকা শহিদুল ইসলামকে বেঁধে দৃর্বৃত্তরা দোকানের সিন্দুক লুট করেছে। ওই সিন্দুকে নগদ ৪ লাখ টাকা ও ২টি স্বর্নের চেন ছিল। শুক্রবার দক্ষিণ যাত্রাবাড়ি থেকে পরিত্যক্ত এবং ভাঙা অবস্থায় সিন্দুকটি পাওয়া যায়। যাত্রবাড়ি থানার সহকারী উপপরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহিদুলের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২২৫ ঘ.