২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক শামসুল হুদা হারুন মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী শামসুল হুদা হারুন শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী শামসুল হুদা হারুন শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। অধ্যাপক হারুনের ছোট ভাই ড. রফিকুল হুদা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দুইটার দিকে ভাইয়া মারা যান। গুলশানের বায়তুল আজাদ মসজিদে মাগরিবের পর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।" তিনি জানান, দ্বিতীয় বারের মতো মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অধ্যাপক শামসুল এক মাস আগে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক হারুন এক ছেলের বউ ও দুই নাতি রেখে গেছেন। গত এক বছরে তার স্ত্রী ও একমাত্র ছেলে মারা যান। অধ্যাপক হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার সহকর্মী অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান অঙ্গনে তার মৃত্যু বিশাল শূন্যতা সৃষ্টি করবে।" তিনি জানান, বাংলাদেশে ভোট দেওয়ার আচরণ বা 'ভোটিং বিহেভিয়ার' নিয়ে তিনি প্রথম গবেষণা করেন। কর্মজীবনে অধ্যাপক হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আরেফিন জানান, ১৯৯৩-৯৪ সালের দিকে অবসর নেওয়ার পর অধ্যাপক হারুন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেও ক্লাস নিতেন। এদিকে অধ্যাপক চৌধুরী শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানত্রেী শেখ হাসিনা। শনিবার এক বিবৃতির মাধ্যমে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন তিনি। পেশাজীবী সমন্বয় পরিষদও আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএআর/এমআই/১৭৫৩ ঘ.