বরিশাল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে বিএনপির সাবেক সাংসদ জহিরুউদ্দিন স্বপন ও জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে এবং গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তিনটি দোকান ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গৌরনদী থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জহিরউদ্দিন স্বপন প্রায় শ'খানেক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকা হয়ে গৌরনদী প্রেস ক্লাবে আসছিলেন। এ সময় বদিউজ্জামান মিন্টু প্রায় ৫০ জন কর্মী সমর্থক নিয়ে তাদের বাধা দেন।
দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। প্রায় দুই ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলে।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকার দোকানপাট এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ডা. শংকর লাল চক্রবর্তীর ফার্মেসি, অহিদুল হক খানের রিকশা পার্টসের দোকান ও শ্যামল ঘোষের মিষ্টির দোকানে ভাঙচুর করা হয়। তিন দোকান মালিকও এ সময় আহত হন।
উপ পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী, আগৈলঝরা ও উজিরপুর থানা পুলিশ এবং গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে গৌরীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হান্নান শরীফ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এ গফুর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক সভাপতি জাফর ইকবাল, পুলিশ কনস্টেবল ওয়াহিদুলসহ ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জহিরুদ্দীন স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির মূল ধারার বাইরের যারা দলের ক্ষতি চায়, তারাই আজ আমাদের ওপর এ হামলা চালিয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হোক- এমন স্বপ্ন যারা দেখছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।"
অন্যদিকে বদিউজ্জামান মিন্টু বলেন, "দলের চেয়ারপারসন খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, জহিরুদ্দীন স্বপন সেসময় তাকে নিয়ে অনেক কটুক্তি করেছেন। তাই আমরা তাকে প্রতিহত করেছি।"
সংঘর্ষ থামার পর মিন্টু তার নেতাকর্মীদের নিয়ে বাসস্ট্যাণ্ড এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। স্বপনকে পুলিশ প্রহরায় ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়।
এদিকে দলের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি নূরে আমল হাওয়ালাদার।
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করেছি। এভাবে নিজেদের মধ্যে বিবাদ করলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু তারা শোনেননি। আমি জেলা বিএপির সাধারণ সম্পাদকের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪৪০ ঘ.
bdnews24