প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিনেও জরুরি মামলার শুনানির জন্য বৃহস্পতিবার ঢাকায় তিনটি আদালত বসেছিল। তবে এদিন কেউ জামিন পাননি। বিভিন্ন অভিযোগের ৩১ মামলায় ১৫টি আবেদনের ওপর শুনানির পর ৩০ আসামির সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক কনিকা বিশ্বাস, বিচারক মোয়াজ্জেম হোসেন ও মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক কামরুন্নাহার এসব আদেশ দেন।
আইন অনুযায়ী, গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার বাধ্যবাধকতার কারণেই ঈদের দিনও আদালত বসে। ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে বুধবার ও বৃহস্পতিবার সকালে গ্রেপ্তাার হওয়া ৩০ আসামিকে সকালে সিএমএম আদালতে আনা হয়।
পাসপোর্ট আইনের মামলায় গ্রেপ্তার কক্সবাজারের রামু থানার বারুয়াখালি গ্রামের ইনাম হোসেনকে আদালত জামিন না দেয়ায় তার আইনজীবী এ এস এম ফজলে রাব্বি খান ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঈদের দিনও আদালত জামিনযোগ্য ধারার আসামিকে জামিন দিল না। আদালত আমার বক্তব্যও ভালভাবে শোনেননি।"
প্রায় চার বছর পাসপোর্ট ছাড়া বাংলাদেশে থাকার অভিযোগে রমনা থানার মামলায় বুধবার গ্রেপ্তার হন মিশরীয় নাগরিক সালাম মো. আব্বাস। বৃহস্পতিবার তাকে আদালতে আনা হয়।
তার পক্ষে অ্যাডভোকেট মো. আবদুল মালেক মোল্লা জামিনের আবেদন করলে প্রাথমিক শুনানির পর বিচারক কনিকা বিশ্বাস আগামী ৫ অক্টোবর ফের শুনানির দিন নির্ধারণ করেন।
শুনানিতে অ্যাডভোকেট মালেক বলেন, "সালাম মো. আব্বাস খুবই ধার্মিক ব্যক্তি। তিনি ধর্ম কর্মে এত বেশি মনোযোগী যে জাগতিক কাজকর্মে একেবারেই উদাসীন। এ জন্য পাসপোর্ট হারিয়ে গেলেও তিনি থানায় সাধারণ ডায়েরি করেননি।"
আদালত বলেন, "৫ অক্টোবর সালাম পাসপোর্টের ফটোকটি জমা দিতে পারলে অনুনমোদিত বিদেশী নাগরিক আইনের ১৪ ধারার এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে।"
সালাম গত চার বছর ধরে কাকরাইল মসজিদে তাবলীগ জামায়াতের সঙ্গে যুক্ত রয়েছেন বলে অ্যাডভোকেট মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিচারক কামারুন্নাহারের আদালতের সামনে বসে কাঁদছিলেন টেম্পুচালক আঙ্গুর আলীর স্ত্রী রহিমা। চোলাই মদ রাখার মামলায় আদালত আঙ্গুর আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
রহিমা বলেন, "এ মামলা মিথ্যা। আমার স্বামী মদ খায় না। মদের ব্যবসাও করে না। টেম্পুর মালিক আমার স্বামীর জামিনের জন্য উকিল ঠিক করছে। কিন্তু সে আদালতে আসে নাই। আমার আর ঈদ করা হইল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০০০ ঘ.
bdnews24