বাগেরহাট, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিতলমারী উপজেলার বড়গুনি গ্রামের একটি আমবাগান থেকে মঙ্গলবার রাতে শহীদ শেখ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শহীদের বাড়ি চিতলমারী উপজেলার শৈলদহ গ্রামে। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ চিঙ্গুরি বাজার থেকে গ্রেপ্তারকৃত স্থানীয় রমজান শেখ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিন্ধিপাড়া গ্রামের বাসিন্দা আরিফের স্বীকারোক্তি অনুযায়ী শহিদের লাশ উদ্ধার করে। তবে শহীদের মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আকরাম জানান, রমজান শেখ ও আরিফ শেখ চর চিঙ্গুরি বাজার এলাকা থেকে গোপালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য শহীদের মোটর সাইকেল ভাড়া করে। এর পর তাকে হত্যা করে। তবে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
গত ২৩ সেপ্টেম্বর থেকে শহীদ নিঁখোজ ছিলেন। পরদিন তার মামা হাফিজ শেখ চিতলমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৬০১ঘ.
bdnews24