সুমন মাহমুদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বুধবার দুপুরে সিএনজি বেবি ট্যাক্সিতে রাজধানীর গুলশান এক নম্বর সড়ক থেকে ধানমন্ডি ২৭ নম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দপ্তরে পৌঁছতে আসতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট।
মহাখালী মোড় আর প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকার নিয়মে পরিণত হওয়া যানজট পেরিয়ে এটুকু দূরত্ব পেরোতে গড়পড়তা দিনে লেগে যায় প্রায় এক ঘন্টা। কপাল খারাপ থাকলে আরও বেশি। বুধবারের ঢাকা তার একেবারেই ব্যতিক্রম। এ ঢাকা ঈদের আগের দিনের ঢাকা। অতিবিরল হলেও চিরচেনা এক চেহারা।
গুলশান এক নম্বর চত্ত্বর, মহাখালী রেল ক্রসিং মোড়, বিজয় সরণির মোড় ও মীরপুর সড়ক পুরো পথটাই বুধবার দেখা যায় একেবারেই অন্যরকম। যাত্রীবাহী বাসের সংখ্যা একেবারেই কম। সিএনজি বেবি ট্যাক্সি, কিছু বিক্ষিপ্ত রিকশা, ট্যাক্সি ক্যাব ও আর নিঃসঙ্গ চেহারার প্রাইভেট কার ছাড়া কিছুই ছিল না জনসংখ্যার বিচারে বিশ্বের অন্যতম এ মেগাপলিসের বড় বড় ওইসব সড়কে।
জীবিকার তাগিদে রাজধানীবাসী হওয়া অধিকাংশ মানুষ গ্রামে ছুটে যাওয়ায় এমনই চিত্র অধিকাংশ রাজপথের। নেই মোটর ইঞ্জিনের ঘড় ঘড়, কানে তালা লাগানো হর্ন বা ফুসফুস কালো করা ধোঁয়া। কোলাহল আর ইঁদুর দৌড়ের ব্যস্ততা থেকে ঢাকা যেন জিরিয়ে নিচ্ছে দিন কয়েক।
ট্যাক্সি চালক হামিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, ''সহকর্মীরা সবাই রংপুর বাড়িতে ঈদ করতে গেছেন। আমি আছি মালিকের অনুরোধে। তবে আয় রোজগার কম।"
যাত্রী পাওয়া যায় না বলেও আক্ষেপ হামিদুল্লাহর। দুটো বাড়তি পয়সার জন্য তাই যাত্রীদের কাছে দাবি করেন ' ঈদি-র'।
রাজধানীর নিউ মার্কেটে ঈদের শেষ বাজার করতে এসেছিলেন আবদুর রহমান। তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, প্রেস ক্লাব থেকে নিউ মার্কেট যেতে রিকশা পেতে তার বেশ কষ্ট হয়েছে। রিকশা বেশ কিছু থাকলেও সবাই ভাড়া হাঁকছিল বেশি। কমপক্ষে ১০ জনকে অনুরোধ করার পর একজন রাজি, অবশ্যই অন্যদিনের চেয়ে বেশি ভাড়ায়।
সিএনজি বেবি ট্যাক্সিকে দেখা গেছে ডেকে ডেকে যাত্রী নিতে। রোজকার মতো যাত্রীদের-অনুনয় বিনয় করতে হয়নি।
ধানমণ্ডিতে অবস্থিত নন্দন ডিপার্টমেন্ট স্টোর ও মীনা বাজার থেকে ঈদের দিনের জন্য পোলাও চাল আর মসলা কিনে ফিরছিলেন সুফিয়া খাতুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,"ঈদের কেনাকাটা তো ঈদের দিন পর্যন্তও শেষ হয়না। ভেবেছিলাম আজ ঈদ হবে। তাড়াহুড়া করে জিনিসপত্র কিনেছিলাম। তাই কয়েকটি জিনিস কেনা হয়নি বা কম কেনা হয়েছিল। বাকিগুলো এখন কিনে নিয়ে যাচ্ছি।"
রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম হলেও কাঁচাবাজার আর মসলার দোকানে মানুষের ব্যস্ততা ঈদের আগের দিনেও কমেনি। বড় বড় দোকানের পাশাপাশি গলির দোকানগুলোতেও মশলা কেনার জন্য ক্রেতারা ভিড় করছেন।
ঈদ উপলক্ষে রাজধানীর সড়কের দুই পাশ জাতীয় পতাকা, 'ঈদ মোবারক' খচিত পতাকা ও রঙ বেরঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। অনেক সড়কে ঈদ শুভেচ্ছা জানিয়ে তোরণও বানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান।
পেশাগত কারণে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারেননি পুলিশ কনস্টেবল আরিফুল হক। রাজারবাগ পুলিশ লাইন থেকে অন্যান্য দিনের চেয়ে অনেক কম সময়ের মধ্যে কর্মস্থলে আসতে পেরে বেশ খুশি। তিনি বললেন,"ঢাকা শহরটা আসলে যে খুবই সুন্দর, সেটা বোঝা যায় ঈদের ছুটিতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/ ১৪৫৩ঘ.
bdnews24