দিনাজপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কর্মকান্ডের সঙ্গে জড়িত অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার রাতে একজন সরকারি কর্মচারী ও দু'জন মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিার তাদের দুদিনের রিমান্ডে নেওয়া হয়।
আটক তিনজন হলেন- নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সাদেক আলী, রাঘবেন্দ্রপুর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আশিকুর রহমান ও মাওলানা আব্দুল বাকী। এদের সবার বাড়ি নবাবগঞ্জ উপজেলার রাঘবেন্দ্রপুর গ্রামে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জেএমবির জয়পুরহাট আঞ্চলিক কমান্ডার মনতেজার আলী ও তার ছেলে মমিনকে আশ্রয় এবং জেএমবি কর্মকান্ডের সঙ্গে জড়িত অভিযোগে তাদের আটক করা হয়।
তিনি জানান, ২০০৩ সালে জয়পুরহাটে জেএমবির গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। জেএমবি সদস্যরা এসময় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনতাই করে।
এ বিষয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের হয়। মনেতজার আলী ও তার ছেলে মমিনকে ওই মামলার আসামি। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।
এছাড়াও মনতেজার আলী ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত জয়পুরহাটের সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি। ওই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। এর পর থেকেই মনেতজার আলী ও তার ছেলে মমিন পলাতক।
গত বছরের ১৪ মে মনতেজার পুলিশের হাতে ধরা পড়ার পর স্বীকার করেন, তিনি প্রায় ১০ মাস এবং তার ছেলে মমিন আব্দুর রহিম নাম ধারণ করে প্রায় দুই বছর নবাবগঞ্জে আটক ওই তিনজনের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়ার পর গত বুধবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24