গাজীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাপাসিয়ার দস্যুনারায়ণপুরে শীতলক্ষ্যা নদীর পাড়ে বৃহস্পতিবার ভোরে আনুমানিক ১৫শ বর্গফুট জমি বিকট শব্দে ৩০ ফুট দেবে গেছে। ২০০৫ সালের ২২ ফেব্র"য়ারি একইভাবে এর কাছাকাছি স্থানে ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটেছিল।
ভূমি দেবে যাওয়ার ঘটনাটি দেখতে সকাল থেকে হাজারও কৌতুহলী লোকজন শীতলক্ষ্যা তীরে ভিড় করে।
কাপাসিযা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. গাজীপুর ডা. সাইফুজ্জামান দেবে যাওয়া স্থান পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের জানান, নিচ থেকে মাটি সরে অথবা সেখানে খনিজ পদার্থ থাকার কারণে দেবে যেতে পারে। এ ব্যাপারে তিনি লিখিত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন বলে জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক চন্দন দাশ জানান, ভোরের দিকে বিকট শব্দে ঘুম থেকে উঠে ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। ভূমিকম্প হয়েছে মনে করে ঘরের বাইরে এসে দেখি তাল, সুপারি ও আমগাছসহ জমি দেবে আনুমানিক ৩০ ফুট নিচে চলে গেছে। গাছগুলো আগের মতই দাঁড়িয়ে আছে।
এলাকাবাসী জানান, বর্তমানে দেবে যাওয়া এলাকার ২শ ফুট উত্তরে ২০০৫ সালের ২২ ফেব্র"য়ারি কিছু এলাকা একইভাবে দেবে গিয়েছিল।
ওই সময় ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মতামত দিয়েছিলেন শীতলক্ষ্যা থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের ফলে এভাবে ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
পরে জাইকা নামে বেসকারি সংগঠনের একটি বিশেষজ্ঞদল ঘটনাস্থল পরিদর্শন করে দেবে যাওয়া ভূমির নিচে পিট কয়লা থাকার সম্ভাবনার কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. গাজী সাইফুজ্জামান বলেন, এ ব্যাপারে মতামত চেয়ে পানি উন্নয়ন বোর্ড ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24