২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় আতিক উল্লাহ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সত্ত্বাধিকারী আতিক উল্লাহ খান মাসুদ ও তার স্ত্রী শামীমা এ খানের বিরুদ্ধে সম্পদের হিসাবে মিথ্যা তথ্য দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সত্ত্বাধিকারী আতিক উল্লাহ খান মাসুদ ও তার স্ত্রী শামীমা এ খানের বিরুদ্ধে সম্পদের হিসাবে মিথ্যা তথ্য দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোজাহার আলী সরদার। এতে আতিক উল্লাহ খানের দুই ছেলে মিশাল এ খান ও জিশাল এ খানকে অব্যহিত দেওয়ার আবেদন করা হয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রমনা থানায় এ মামলা করেন। তাতে অভিযোগ করা হয়, আতিক উল্লাহ খান মাসুদ ও তার স্ত্রী-পুত্ররা কমিশনে ৪৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৭৩০ টাকার সম্পদের হিসাব দেন। কিন্তু তদন্তে প্রায় ৪৪ কোটি ৯২ লাখ ২২ হাজার ২০৬ টাকার সম্পদ পাওয়া গেছে। অভিযুক্তরা ১ কোটি ১৪ লাখ ৬ হাজার ১৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করা হয় এজাহারে। আতিক উল্লাহ খান মাসুদ কারাগারে রয়েছেন। তার স্ত্রী শামীমা এ খান পলাতক। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দেওয়ার সময় শামীমা এ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৭০৫ ঘ.