২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসে শাস্তি পেয়েছেন ঢাকার ৬৮ পুলিশ সদস্য

গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬৮ জন কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬৮ জন কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজারবাগে পুলিশের টেলিকম মিলনায়তনে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ বলেন, "মহানগর পুলিশের 'ক্রাশ প্রোগ্রামের' আওতায় তদন্ত কর্মকর্তাদের হাতে তদন্তাধীন মামলার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। ক্রমান্বয়ে একজন তদন্ত কর্মকর্তার হাতে মামলার সংখ্যা ১০ এর নিচে নামিয়ে আনা হবে।" ডিএমপির উপ কমিশনার (ডিসিপ্লিন) এ কে এম কাজী ফজলুল করিম জানান, গত নভেম্বর-ডিসেম্বর মাসে বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৫৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে 'ডিএমপি বিধিমালা'য় ১৩১টি ও 'পুলিশ অফিসার্স বিশেষ বিধান অধ্যাদেশ' এ ২৬টি মামলা করা হয়। ডিএমপি বিধিমালায় দায়ের করা মামলায় ৫০ জনের শাস্তি কার্যকর হয়েছে। আর পুলিশ অফিসার্স বিশেষ বিধান অধ্যাদেশে ২৬টি মামলায় ২৩ জনের বিরুদ্ধে শাস্তি হয়। ফজলুল করিম জানান, শাস্তিপ্রাপ্তদের মধ্যে ২০ জনকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর, একজনকে অপসারণ ও একজনের পদোন্নতি স্থগিত করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ১৬ জন পুলিশ সদস্য গ্রেপ্তার হন। তাদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। পুলিশ কমিশনার বলেন, "পুলিশের অপরাধের বিষয়ে 'শূন্য সহ্যনীতি' অনুসরণ করা হচ্ছে। কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।" ছিনতাই রোধে প্রতি থানায় একটি করে ছিনতাই প্রতিরোধ স্কোয়াড করা হবে বলে জানান নাঈম আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত নভেম্বরে ডিএমপিতে দু'হাজার ১০৯টি ও ডিসেম্বরে ১ হাজার ৯০৪টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১৩৫ ঘ.