ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোটা দুই লেন থেকে চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন করেছে সরকার। এজন্য সবমিলিয়ে ব্যয় হবে দুই হাজার ১৬৮ কোটি ৩৮ লাখ টাকা।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পসহ মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি চলতি ২০০৭-০৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত রয়েছে। এই মহাসড়ক আংশিকভাবে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০০৬ সালের জানুয়ারি মাসে। এরইমধ্যে ঢাকা থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত মহাসড়ক চার লেন করা হয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়ন হতে ২০১২ সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে।
সম্পূর্ণ সরকারি অর্থে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) দুই লেন থেকে চার লেনে উন্নীত করার মাধ্যমে সড়ক পরিবহনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করা হবে। এছাড়া, ঢাকার সঙ্গে বাণিজ্য নগরী চট্টগ্রামের সুষ্ঠু ও কার্যকর পরিবহন ব্যবস্থা স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন প্রকল্পের অন্যতম লক্ষ্য।
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরো অংশ চার লেনে উন্নীত করা হলে একদিকে যেমন ভ্রমণ সময় ও দুর্ঘটনা কমবে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন সহজ হবে।
একনেক এর বৈঠকে বুধবার অনুমোদন পাওয়া অন্য ১০টি প্রকল্প হলো- ১৫২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের গৌরীপুর-জারিয়া ঝাঞ্জাইল এবং শ্যামগঞ্জ-মোহনগঞ্জ সেকশনের পুনর্বাসন প্রকল্প, ৯৬ কোটি টাকার চট্টগ্রাম শহর হতে উপকূলীয় ভেড়িবাঁধ পর্যন্ত সংযোগ সড়কের উন্নয়ন, ৫০ কোটি টাকার খুলনা শহরের অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ১৪৩ কোটি টাকার পদ্মা নদীর ভাঙন হতে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা রক্ষা প্রকল্প, ১৬২ কোটি টাকার বরেন্দ্র সেচ এলাকা উন্নয়ন, ৫৯ কোটি টাকার কাপাসিয়া তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প, ৮৪২ কোটি টাকার মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রকল্প, ৮৩০ কোটি টাকার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ৩০ কোটি টাকা ব্যয়ে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৮০০ঘ.
bdnews24