বরিশাল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর আমতলা এলাকায় মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ তিন জন আহত হয়েছে।
আহতরা হলেন, আব্দুল রাজ্জাক, রায়হান (১১) ও রিমা (৩)। তাদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন জানান, আমতলীর পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় দুপুর দেড়টার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল রাজ্জাক সিলিন্ডার থেকে খেলনা বেলুনে গ্যাস ভরছিলেন। এক পর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে রাজ্জাক এবং দুই শিশু আহত হয়।
আহত তিন জনকে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় বলে নাসির উদ্দিন জানান। আহতদের মুখমণ্ডল ঝলসে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24