২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষকপোতাক্ষের জলাবদ্ধতা থেকে মুক্তি চায় ২০ ইউনিয়নের মানুষ

নদীতলে পলি জমে জমে নাব্যতা হারিয়ে ফেলে ধীরে ধীরে মরে যাচ্ছে কপোতাক্ষ। আর এর ফল হিসেবে দুপাড়ের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকায় চাষের অনোপযোগী হয়ে আছে মাইলের পর মাইল জমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 10:01 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

গোলাম মোর্তজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীতলে পলি জমে জমে নাব্যতা হারিয়ে ফেলে এক সময়ের স্রোতস্বীনী কপোতাক্ষ এখন নিঃশেষ হওয়ার পথে। আর এর ফল হিসেবে দুপাড়ের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকায় চাষের অনোপযোগী হয়ে আছে মাইলের পর মাইল জমি। কপোতাক্ষের এ পরিণতিতে তিন জেলার ২০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ এখন জীবিকা সঙ্কটে। স্থানীয়রা বলছেন, এ এলাকার মানুষকে বাঁচাতে হলে রক্ষা করতে হবে কপোতাক্ষ নদীকে। নিয়মিত ড্রেজিং করতে হবে। নদী সংস্কার করতে হবে। নইলে বর্তমান জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিয়ে এ অঞ্চলের মানুষকে নিঃস্ব করে ফেলবে। বিষয়টি স্বাীকার করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। তারা বলছেন, প্রয়োজনীয় সমীক্ষা শেষেই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যশোরের কেশবপুর উপজেলায় কয়েকদিন আগে গিয়ে দেখা যায়, ওই এলাকার কৃষকরা সেচপাম্প দিয়ে পানি কপোতাক্ষে ফেলে কৃষি জমি বাঁচানোর চেষ্টা করছেন। কথা হয় সাহাপুর গ্রামের কৃষক আব্দুল লতিফের সঙ্গে। সাড়ে ১৩ বিঘা জমির মালিক লতিফ পরপর দুই বছর জমিতে কোনও ফসল ফলাতে পারেননি। পরিবারে নেমে এসেছে দুর্ভোগ। পাঁচ ছেলে-মেয়ের মধ্যে দুই ছেলেকে স্কুল ছাড়িয়ে দোকানের কাজে লাগিয়েছেন। কৃষক হিসাবে টিকে থাকাই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে ওই লতিফের মতো অনেকের পক্ষে। ধর্মপুর গ্রামের কবির লস্কর বললেন, "ভিক্ষা নয়, আমরা কাজ করে খেতে চাই। সরকার জল সরিয়ে আমাদের জমিগুলো বের করে দিক। আগের মতো ফসল ফলাবো আমরা।" স্থানীয়রা জানায়, পরপর একাধিকবার ফসল উৎপাদন করতে না পেরে অনেক স্বচ্ছল কৃষক ধার-দেনা করে এখন পথে বসেছেন। পানি সরালে জমিও বিক্রি করতে চান অনেকে। কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইরি-বোরো উৎপাদনে স্থানীয় কৃষকদের সহযোগিতার জন্য কৃষি মন্ত্রণালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি উন্নয়ন সংস্থায় (বিএডিসি) গত ১৯ জানুয়ারি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত বছর ধরে উজানে স্রোত না থাকায় নদীর তলদেশে পলি জমে কপোতাক্ষ নাব্যতা হারিয়েছে। ফলে বর্ষাকালে নদী সংলগ্ন এলাকার রাস্তাঘাট, ফসলী জমি, বাড়ি-ঘর, হাট-বাজার, স্কুল-মাদ্রাসা সবই অধিকাংশ সময় প্লাবিত থাকে। ফলে ওই সময় জমিতে ফসল হয় না। শিক্ষা প্রতিষ্ঠানও থাকে বন্ধ। চিঠিতে বলা হয়, বর্তমানে ইরি-বোরো চাষের জন্য কৃষকরা সমবেতভাবে বিদ্যুৎ ও ডিজেল পাম্প দিয়ে সেচ করে অসাধ্য সাধনের চেষ্টা করছে। কিন্তু ফসল না হওয়ায় দরিদ্র্য হয়ে পড়া বেশিরভাগ কৃষকের পক্ষে প্রতি বিঘা জমির পানি সেচের জন্য ১০০০ টাকা ব্যয় অসম্ভব। তাই জলাবদ্ধতা সমস্যার সমাধানে কপোতাক্ষ এবং এর শাখা নদী হরিহর, বুড়িভদ্রা ও সংযোগ খালগুলো খনন কর প্রয়োজন। পাশাপাশি কপোতাক্ষের ভাটিতে পাইকগাছা এলাকায় রাবার ড্যাম বসিয়ে বৈদ্যুতিক পাম্প মেশিনের সাহায্যে নব্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও জরুরি। কেশবপুরের ইউএনও'র দেওয়া তথ্য অনুযায়ী, শুধু কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের খোঁচামারার বিল, বিদ্যানন্দকাটি ইউনিয়নের কাদার বিল, বগার বিল, সাগরদাড়ি ইউনিয়নের পদ্মবিল ও পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গার বিলে মোট ১ হাজার ২৪০ হেক্টর জমি পানিতে তলিয়ে রয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য একটা সমীক্ষা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষজ্ঞ চাওয়া হয়েছে। সমীক্ষা প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান, উজান থেকে পানির চাপ না থাকায় নদী ভরে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এ এলাকায় জলাবদ্ধতা যশোরের ভবদহ এর চেয়েও ভয়াবহ হতে পারে বলে পাউবো কর্মকর্তার আশঙ্কা। কপোতাক্ষের জলাবদ্ধতায় ভুগছে খুলনার কয়রা ও পাইকগাছা, যশোরের ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর এবং সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২০টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম। এ গ্রামগুলো বর্ষার পরও দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকে বলে জানান কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সব গ্রামের লোকজন এখন বাড়ি ছেড়ে রাস্তার ধারে বা উঁচু স্থানে অস্থায়ী বাড়ি বানিয়ে থাকছে। স্থানীয়দের উদ্যোগে সেচপাম্প দিয়ে একাধারে পানির সেচের ফলে গত ডিসেম্বর থেকে কিছু কিছু বাড়ি পানিমুক্ত হয়েছে। কিন্তু ফসলি জমিগুলো এখনও পানির নিচেই রয়েছে। ফলে চলতি বোরো মৌসুমে আবাদ করা যাচ্ছে না।" আবু বকর সিদ্দিকী জানান, ২০০৩-'০৪ সালে পানি অপসারণের দাবিতে আন্দোলন গড়ে উঠলে সরকার কপোতাক্ষ নদে ড্রেজিং করে। কিন্তু কিছু দিন পর তা বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, "ড্রেজিংয়ের কাজে যথেষ্ট ফাঁকি থাকলেও ওই সময় ফসল ফলানো গিয়েছিল।" অ্যাডভোকেট আবু বকর জানান, সরকারের প্রতিশ্র"তি ছিল ড্রেজিং শেষে কাজের ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং একটি ছোট ড্রেজার স্থায়ীভাবে কপোতাক্ষে রেখে দেওয়া হবে ও তাহেরপুর থেকে ১৩০ কিলোমিটার দীর্ঘ নদ সংস্কার করা হবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। অবস্থার উত্তরণে ড্রেজিংয়ের পাশাপাশি উজানে মাথাভাঙ্গার সঙ্গে কপোতাক্ষের সংযোগ স্থাপনে ব্যবস্থা নিতেও সরকারের প্রতি দাবি জানান কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতা। কৃষি ও পানিসম্পদ উপদেষ্টা সিএস করিম গত ২৫ জানুয়ারি কেশবপুরের নেহালপুর কাদারবিলে সেচকাজ পরিদর্শন করেন। ওই সময় স্থানীয়রা জলাবদ্ধতা সমস্যার আশু সমাধানের দাবি জানালে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/জিএনএ/১৫৪৮ ঘ.