ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জমাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ ফেব্র"য়ারি দিন ধার্য করেছে আদালত।
সোমবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য শেরেবাংলা নগরে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন। ওই আদালতেই মামলাটির অভিযোগ গঠন হবে।
গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এসএম শাব্বির হাসান তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি টাকা নেন।
গত ১০ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।
মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী কারাগারে আছেন।
এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমানকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24