মানিকগঞ্জ/সাভার, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকায় সোমবার দুপুরে একটি বাস ডোবায় পড়ে পাঁচ যাত্রী নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ)
দুর্ঘটনায় চার যাত্রী ঘটনাস্থলে মারা মারা যান। রাত ৮টার দিকে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কুলসুম (২৭), কাজলী (২), সাদ্দাম (৫), হাসান (২৮) ও নাসির (৪৫)।
আশংকাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তানজুল, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান, শিবলী সাদিক, ফজলুর রহমান ও সাইফুল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাঙ্গাইল থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস টঙ্গীবাড়ী এলাকায় দুপুর ১টার দিকে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।"
দুর্ঘটনায় বাসের আরোহী এক নারী ও একটি শিশুসহ চার জন ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান।
আশুলিয়া থানার উপ পরিদর্শক দেওয়ান কৌশিক আহমেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮টার দিকে আশুলিয়ার এমসিবি হাসপাতালে সাদ্দাম নামে আহত আরেক যাত্রীর মৃত্যু হয়েছে।"
দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলার সময় আশুলিয়া সড়কে ২৫ মিনিট গাড়ি চলাচল বন্ধ থকে।
আহতদের আশুলিয়া নাইটিঙ্গেল হাসপাতাল, খলিল জেনারেল হাসপাতাল ও এমসিবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসের চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/এমএআর/এসএনডি/২২৩৬ ঘ.
bdnews24