ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের সময় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাছঘাটের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে চার জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শরীয়তপুর প্রতিনিধি জানান, নড়িয়া উপজেলার উপাসী গ্রামে গাছ থেকে বরই (কুল) পাড়া নিয়ে রোববার বিকালে প্রতিপক্ষের হামলায় সামসুল হক মৃধা (৪০) নামে এক জন আহত হন। সোমবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদি হয়ে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সেলিনা জানান, রোববার বিকাল ৪টার দিকে গ্রামের ৪/৫ জন কিশোর হযরত আলী মৃধার গাছ থেকে বরই পাড়তে যায়। ওই সময় হযরত আলী ওই কিশোরদের লাঠিপেটা করে। সামসুল হক মৃধা তাতে বাধা দিলে হযরত আলীসহ তার পরিবারের লোকজন সামসুল হকের ওপর হামলা চালায়। চাপাতির কোপে গুরুতর আহত সামসুল হক সোমবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে মারা যান।
সংঘর্ষে আহত ফারুক (১০), হিরণ (১৫), সোহেল (১১), রুবেল (২২), স্বপন (২৫), সলেমনি বেগম (৪০), মুনসুর (১২), কাওসার (১২), শাহীন (১০), জলিল মৃধা (৫০), রিপন মৃধা (৩০) কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়ে জেলা পুলিশ সুপার শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, নড়িয়ায় দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে এক জন মারা গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রামগতি উপজেলার রামগতিরহাট মাছঘাটের দখল নিয়ে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছে।
আহতরা হচ্ছে, খোকন মাঝি (৪০), সাহাবউদ্দিন মাঝি (৪৩), মোতালেব হোসেন (৩৫) ও আব্দুল কাদের (৩০)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, ঘাটের আধিপত্য নিয়ে শাহাদাত মাঝির দলের লোকজনের সঙ্গে খোকন মাঝির দলের লোকজনের সংঘর্ষ হয়। এতে চার জন আহত হয়েছে।
আহতদের মধ্যে খোকন মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রামগতি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন বলে ওসি মফিজ উদ্দিন জানান।
সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৮ ঘ.
bdnews24