বাগেরহাট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ শাহেদ আলী রবি এবং আন্তঃজেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাজাহান মিনা রোববার বাগেরহাট কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বাগেরহাট কারাধ্যক্ষ আবু জাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ শাহেদ আলী শাজাহান হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তাদের জামিনের আদেশ বাগেরহাটের প্রধান বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছানোর পর রোববার বিকেলে তা কার্যকর করা হয়।
জেলা বিএনপি সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাকিম সেলিম ওরফে সিলভার সেলিমসহ বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। শেখ শাহেদ আলী ও শাজাহান মিনা দুটি মামালার আসামি।
এসব মামলায় সিলভার সেলিমসহ পাঁচ বিএনপি নেতা এখন কারাগারে রয়েছেন। অপর আসামিদের মধ্যে কয়েকজন জামিনে এবং বাকিরা পলাতক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24