২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল শাহজালাল ব্যাংক

বেসরকারি শাহজালাল ব্যাংক দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১১১ জন দরিদ্র কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ দিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ ছাত্র-ছাত্রীদের হাতে এ বৃত্তি ও টাকার চেক তুলে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শাহজালাল ব্যাংক দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১১১ জন দরিদ্র কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ দিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ ছাত্র-ছাত্রীদের হাতে এ বৃত্তি ও টাকার চেক তুলে দেন। ২০০৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব দেখানো দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতার জন্য এ কর্মসূচি গ্রহণ করেছে শাহজালাল ব্যাংক। এর আওতায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৬২ জন ছাত্র-ছাত্রীকে এইচএসসিতে প্রতিমাসে এক হাজার টাকা এবং শিক্ষা উপকরণ কেনার জন্য বছরে এককালীন দুই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৯ জন ছাত্র-ছাত্রীকে স্নাতক পর্যন্ত অধ্যয়নের সময় প্রতি মাসে দেড় হাজার টাকা করে বৃত্তি ও পড়ালেখার উপকরণ কেনার জন্য বছরে তিন হাজার টাকা দেওয়া হচ্ছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে গভর্নর বলেন, প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বাইরে শাহজালাল ব্যাংকের এ উদ্যোগ প্রশংসনীয়। এটি একটা সামাজিক আন্দোলনেরও একটি অংশ। ব্যাংকের চেয়ারম্যান আক্কাস আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, অডিট কমিটির চেয়ারম্যান মো. সোলায়মান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২৩১৯ঘ.