সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব ও সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ
ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী রোববার। ২০০৫ সালের ২৭ জানুয়ারি এক সমাবেশে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী প্রাণ হারান। তিন বছর পেরিয়ে গেলেও এখনো ওই হত্যাকান্ডের বিচার হয়নি।
হবিগঞ্জের বৈদ্যেরবাজারের গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া ছাড়াও নিহত হন তার ভাইপো শাহ মঞ্জুর হুদা, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, মো.রফিক ও সিদ্দিক আলী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ৮টায় বনানী গোরস্থানে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এছাড়া, সোমবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 'বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের' উদ্যোগে আলোচনা সভা হবে।
গ্রেনেড হামলার ঘটনা তদন্তের জন্য সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি এ কে এম মাহফুজুল হককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করার পাশাপাশি মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পান ঢাকা উত্তর জোনের সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান।
মুন্সি আতিকুর রহমান ২০০৫ সালের ২১ মার্চ হবিগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের আদালতে ১০ জনকে দায়ী করে অভিযোগপত্র দাখিল করেন। এরা হলেন- শহীদ জিয়া স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি আব্দুল কাইয়ূম, স্থানীয় বিএনপি নেতা তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মোমিন, জমির আলী, শাহেদ আলী, জয়নাল আবেদীন জালাল, আয়াত আলী, সেলিম মিয়া, মুহিবুর রহমান ও কাজল মিয়া।
এর মধ্যে মুহিবুর রহমান ও কাজল মিয়া ছাড়া বাকিরা কারাগারে আছেন।
তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মোমিন, জমির আলী, শাহেদ আলী ও জয়নাল আবেদীন জালাল ২০০৫ সালের ১৩ মার্চ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই বছরের ২৮ মার্চ মামলার বাদী অভিযোগপত্রকে 'অসম্পূর্ণ' দাবি করে হবিগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আতাউর রহমানের আদালতে অধিকতর তদন্তের জন্য আবেদন করলেও ম্যাজিস্ট্রেট তা খারিজ করেন।
এরপর ৪ এপ্রিল তিনি আবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। ১০ এপ্রিল সেখানেও আবেদন খারিজ করা হয়।
বাদী মো. আব্দুল মজিদ খান ১৪ এপ্রিল হাইকোর্টে পুনঃতদন্তের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে সিলেটের দ্রুত বিচার আদালতে আবেদন করতে বলে। কিন্তু পরের বছরের ৩ মার্চ সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালে আবদেন খারিজ হলে ১৪ মে ফের হাইকোর্টে শুনানি হয়।
হাইকোর্ট মামলার সব কার্যক্রম স্থগিত করে কেন অধিকতর তদন্ত দাবি করা যাবে না - সরকারকে তার কারণ দর্শাতে বলে।
সরকার এর বিরুদ্ধে আপিল আবেদন করে। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের শুনানির সিদ্ধান্ত হলেও পরে তা আর হয়নি।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর প্রয়াতের স্ত্রী আসমা কিবরিয়া ও ছেলে রেজা কিবরিয়া প্রধান উপদেষ্টার কাছে মামলা পুনঃতদন্ত ও দ্রুত নিস্পত্তির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপর একটি তদন্ত কমিটি করা হয়। সিআইডি ময়মনসিংহ জোনের এএসপি রফিকুল ইসলাম নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান ।
তবে এখনো মামলার তদন্তে অগ্রগতির বিষয়টি পরিষ্কার নয় বলে অভিযোগ করেছে কিবরিয়া পরিবার।
ছেলে রেজা কিবরিয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, কিন্তু সরকার আমাদের কিছু জানাচ্ছে না। সরকার মামলাটিকে কতটুকু গুরুত্ব দিচ্ছে তা আমরা বুঝতে পারছি না।"
হত্যাকাণ্ডের বিচার দাবিতে কিবরিয়া পরিবার ব্যতিক্রমধর্মী শান্তিপূর্ণ নীরব প্রতিবাদ কর্মসূচি 'শান্তির সপক্ষে নীলিমা' পালন শুরু করে। দেশব্যাপী এ কর্মসূচি ব্যাপক সাড়া জাগায়।
সাবেক এই অর্থমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 'শান্তির সপক্ষে নীলিমা' কর্মসূচি পালনের অনুমতি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এসএনডি/এসকে/২১৪০ঘ.
bdnews24