ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শুক্রবার রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ডেসার লোডশেডিং না থাকা সত্ত্বেও সারাদিনই বিদুৎ ছিল আসা যাওয়ার মধ্যে।
ডেসা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে এমনটা হয়েছে। অনেক স্থানে ট্রান্সফরমার বন্ধ হয়ে যায়। ১১ কেভির ফিডার লাইন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর বৃষ্টি হলে এটা হয়। লাইন যথাযথভাবে যুক্ত না থাকলে, ইনসুলেটর ও ডিস্ক ফাটা থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ডেসার কোনও লোডশেডিং না থাকলেও বিভিন্ন এলাকায় এরকম সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে।
ডেসার নিয়ন্ত্রণ কক্ষের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করে বৃষ্টি হলে এ ধরনের সমস্যা হয়। বর্ষার সময় প্রথম বৃষ্টি হলে অনেক সময় স্থানীয় সরবরাহ লাইন বিকল হয়ে পড়ে।"
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শুক্রবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৩৭৫০ মেগাওয়াট। উৎপাদন হয়েছে ৩৩৬০ মেগাওয়াট। সম্ভাব্য লোডশেডিং এর পরিমাণ ছিল ৩৩৮ মেগাওয়াট। ডেসা এলাকায় লোডশেডিং ধরা হয়েছিল ৪০ মেগাওয়াট।
ডেসার সাতমসজিদ রোডের বিভাগীয় অফিস জানিয়েছে, ধানমণ্ডি ২৭ নম্বর রোডে একটি ট্রান্সফরমার জ্বলে যাওয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিকালে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও ১১ কেভি সরবরাহ লাইন বিকল হয়ে যাওয়ার কারণে সন্ধ্যার পর আবারও বিদ্যুৎ চলে যায়।
ডেসা জানিয়েছে, শুক্রবার রাজধানীর লালবাগ, ধানমণ্ডি, আজিমপুর, শ্যামলী, পরিবাগ, ঝিগাতলা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২০৪৯ ঘ.
bdnews24