২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে যশোরে চার জন গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে যশোরের একটি আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার রাতে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

যশোর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে যশোরের একটি আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার রাতে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ইদ্রিস উদ্দিন, ফারুক হোসেন, আবু জালাল ও মোশাররফ হোসেন। জেলা শহরের আমিন হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাতলাপাড়া গ্রামে বলে হোটেলের নিবন্ধন খাতায় লেখা রয়েছে। আল আমিন হোটেলের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৩ জানুয়ারি ইদ্রিস আলী হোটেলের একটি কক্ষ ভাড়া করেন। বাকি তিন জন পরে হোটেলে ওঠেন। আবু বকর সিদ্দিকী বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আমরা গোয়েন্দা সংস্থাকে খবর দিই। পরে গোয়েন্দা কর্মকর্তারা এসে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছে এক বস্তা জিহাদি বই ও লিফলেট এবং একটি হ্যান্ডমাইক পাওয়া যায় বলে আবু বকর সিদ্দিকী জানান। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা তোফাজ্জল হোসেন চার ব্যক্তিকে আটক করার কথা স্বীকার করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওই কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.