চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আইনজীবী সমিতি নারী ও শিশু নির্যাতন ট্র্র্যাইবুনাল-৩ এর বিচারক এম এ নূর এবং সরকারি কৌসুলি (পিপি) ফজলুল করিম ভূঁইয়াকে প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।
চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সমিতির জরুরি সভা থেকে সরকার ও প্রধান বিচারপতির প্রতি এ আহবান জানানো হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার সাইমূল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "সমিতির জরুরি সভার সিদ্ধান্তক্রমে আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্র্যাইবুনাল -৩ এর বিচারক এম এ নূর ও সরকারি কৌসুলি ফজলুল করিম ভুঁইয়াকে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।"
তিনি বলেন, "সমিতির একাধিক সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ আনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।"
সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি সভায় চার শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
সাধারণ সম্পাদক বলেন, "আইনজীবীরা দীর্ঘদিন থেকে এ দু'জনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন। আমরা চাই না এ নিয়ে আইনজীবীদের মধ্যে বিশৃঙ্খলা হোক। এ কারণে সভায় তাদের প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি বলেন, "সর্বশেষ গত বুধবার বিচারক এম এ নূর একটি ধর্ষণ মামলার বাদী ও দুই সাক্ষীকে নিরাপত্তা হেফাজতের পরিবর্তে সাধারণ কয়েদিদের সঙ্গে জেল হাজতে পাঠিয়ে অমানবিক কাজ করেছেন। কোনভাবেই একজন বিচারক সাক্ষীদের জেল হাজতে পাঠাতে পারেন না।"
ইফতেখার সাইমূল বলেন, "এটা মানবাধিকার লঙ্ঘন এবং আইনজীবীরা তাদের নৈতিক দায়িত্ব হিসেবের জরুরি সভায় এর প্রতিবাদ জানিয়েছে।"
তিনি জানান, বুধবার একটি ধর্ষণ মামলার বাদী শেবু রানী পাল এবং দুই সাক্ষী লক্ষণ ত্রিপুরা ও আবু তাহেরকে আদালতে হাজির করা হয়। কিন্তু বুধবার আদালত সাক্ষ্য না নিয়ে তাদের জেল হাজতে পাঠায় এবং ২৮ জানুয়ারি পরবর্তী সাক্ষের তারিখ ধার্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24