সাভার, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারের কাছে বৃহস্পতিবার তুরাগ নদীতে বালুভর্তি ট্রলারের ধাক্কায় রাজধানীতে গ্যাস বিতরণের প্রধান লাইনের পাইপ ফেটে আগুন ধরে যায়। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মিরপুর ও আশুলিয়া স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় ঘটনার প্রায় ৫ ঘন্টা পর আগুন নিভে যায়। পাইপ ফেটে যাওয়ায় রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সাভার থানার থানার সহকারী উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, ট্রলারটি আটক করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযোগ দিলে এ ব্যাপারে মামলা হবে।
তিনি জানান, গ্যাস লাইনে আগুন লাগার ঘটনায় আশপাশের ঘরবাড়ি বা লোকজনের কোন ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শারমিন এন্ট্রারপ্রাইজের বালুভর্তি একটি ট্রলার আশুলিয়া থেকে আমিনবাজার আসার পথে তুরাগ নদীতে গ্যাসের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিকট শব্দে পাইপ ফেটে আগুন ধরে যায়।
আগুনের শিখা দেড় থেকে দু'শ ফুট উঁচুতে উঠে। এতে পল্লী বিদ্যুতের প্রধান লাইনের ৬টি তার পুড়ে যায়। গ্যাস পাইপ লাইনে আগুন ধরে যাওয়ার ঘটনায় আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে আশপাশের বাড়িঘর বা লোকজনের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) আমিনুর রহমান জানান, দুপুর পৌনে ২টার দিকে মিরপুর ও আশুলিয়া স্টেশন থেকে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার পর আগুন নিভে যায়। তবে পাইপ ফেটে যাওয়ায় রাজধানীর শ্যামলী, হাজারীবাগ, মোহাম্মদপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ খুব কম থাকবে। যে পর্যন্ত মেরামত না হয় সে পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। কারণ যে পাইপটি ফেটেছে সেটা ঢাকা শহরে গ্যাস বিতরণের প্রধান লাইন।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, ডুবুরী নামিয়ে ফেটে যাওয়া পাইপ মেরামতের চেষ্টা চলছে। এভাবে মেরামত করা না গেলে অন্য কৌশল অবলম্বন করতে হবে। তাতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে। পাইপ ফেটে যাওয়ায় ঢাকার পাশাপাশি সাভারেও গ্যাসের চাপ একটু কম হবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির আমিন বাজার গ্রিডের জুনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (সংরক্ষণ) রেজাউল হক জানান, আগুনের শিখা প্রায় দেড় থেকে দু'শ ফুট উপরে উঠে যাওয়ার কারণে ২ লাখ ৩০ হাজার ভোল্টের প্রধান লাইনের ৬টি তার পুড়ে পড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.
bdnews24