পটুয়াখালী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিন দিনে অজ্ঞাত কারণে পটুয়াখালীতে বেশ কিছু কাকের মৃত্যু হওয়ায় শহরে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা পশু সম্পদ কার্যালয় বুধবার জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়া অথবা বার্ড ফ্লু সংক্রমণের কারণে এসব কাকের মৃত্যু হয়ে থাকতে পারে। পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় নমুনা পাঠানো হয়েছে।
পৌর কমিশনার মোস্তফিজুর রহমান রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোম থেকে বুধবার পর্যন্ত শহরের পুরান বাজার, চকবাজার, কাঠপট্টি ও নবাবপাড়াসহ অন্যান্য স্থানে বেশ কিছু কাক মারা গেছে। প্রথমদিকে কেউ বিষয়টিকে গুরুত্ব না দিলেও ব্যাপক হারে কাক মারা যাওয়ায় শহরে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ে।"
তিনি জানান, কাকগুলোকে প্রথমে গাছের ডাল বা বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে বসে ঝিমোতে দেখা যায়। এক পর্যায়ে এগুলো কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায় এবং মারা যায়।
জেলা পশু সম্পদ কর্মকর্তা মো. আক্কাস আলীসহ অন্যান্য কর্মকর্তারা বেশ কিছু মৃত কাক উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।
মো. আক্কাস বলেন, "নমুনা পরীক্ষার জন্য মারা যাওয়া দু'টি কাক ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে কি কারণে কাকগুলো মারা গেছে।"
কাক মৃত্যুর কারণ বার্ড ফ্লু হয়ে থাকলে তা যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/০০০৮ ঘ.
bdnews24