ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য কারামুক্ত ছাত্র রফিকুল ইসলাম সুজন অভিযোগ করেছেন, আটকাবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে। ছাড়া পেয়ে বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের কলাভবনে 'সংহতি সমাবেশে' যোগ দিয়ে এ কথা বলেন।
ইসলামের ইতিহাস ১ম বর্ষের ছাত্র সুজনকে সমাবেশ স্থলে বেশ অসুস্থ দেখাচ্ছিল। বাবার হাত ধরে তিনি সমাবেশে আসেন। তার মুখমণ্ডলের বামে নাক ও চোখের পাশে কালসিটে দাগ। সুজন সাংবাদিকদের বলেন, "আমি খুবই অসুস্থ, কথা পর্যন্ত বলতে পারছি না। এখন বেশি কথা বলতে গেলেই প্রচণ্ড কাশি হয়। কাশির সঙ্গে ব্লাড চলে আসে। আমার বুকে ও পায়ে প্রচণ্ড ব্যাথা। মাঝে মাঝে মনে হয় পায়ের তলা জ্বলে যাচ্ছে।"
সুজনের মুক্তিযোদ্ধা বাবা আব্দুল হালিম তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে উৎসর্গ করেছেন। সংহতি সমাবেশে তিনি বলেন, "আমি আমার ছেলেকে বিশ্ববিদ্যালয়ের কাছে উৎসর্গ করে গেলাম। তাকে নৈরাজ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাবেন। যেন অন্যায়ের বিরুদ্ধে সে সব সময় প্রতিবাদ করতে পারে। তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন।"
রিমান্ডের নামে নির্যাতনের অভিযোগ করছেন জসীমউদদীন হলের লিটন মাহমুদও। সংহতি সমাবেশে তিনি সাংবাদিকদের বলেন, "রিমান্ডে নেওয়ার পর মেরে আমার বাম হাত ভেঙে ফেলা হয়েছে। হাতের চিকিৎসা করানোর পর চিকিৎসার কাগজ-পত্রও শাহবাগ থানার পুলিশ নিয়ে গেছে। সেগুলো এখনও ফেরত দেওয়া হয়নি।"
কারামুক্ত ছাত্র ইউনিয়ন নেতা মানবেন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে দু' দফায় সাতদিন রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফায় চারদিন জয়েন্ট ইন্টোরেগেশন সেল ও দ্বিতীয় দফায় শাহবাগ থানায় তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যখন জেআইসিতে জিজ্ঞাসাবাদ চলছিল তখন কালো কাপড়ে চোখ বেঁধে রাখা হতো। বাথরুমেও চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হতো। আমাকে আন্দোলনের পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে। তাদের ধারণা সরকারের পতনের জন্য পরিকল্পিতভাবে আন্দোলন সাজানো হয়েছে।"
তিনি বলেন, "মাঝে মাঝেই আমাকে লাঠি দিয়ে মারা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/এমএইচবি/২২২৪ ঘ.
bdnews24