ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপের এয়ারবাস কোম্পানির একটি প্রতিনিধি দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব নিয়ে ৭ ফেব্র"য়ারি ঢাকা আসছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, "এয়ারবাসের প্রতিনিধি দল কী ধরনের প্রস্তাব দেয়, তা দেখতে আমরা খুবই আগ্রহী।"
বিমানের এক কর্মকর্তা জানান, এয়ারবাস কোম্পানি ১৯৯৮ সালের শেষ দিকে বিমানের কাছে একদফা উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দেয়। তবে সে সময় নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিল না।
সর্বশেষ গত বছর ২৮ নভেম্বর বোয়িং কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে ১২টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিলে বিমান চারটি প্রস্তাব গ্রহণ করে।
নতুন ও পুরোনো উড়োজাহাজ মিলিয়ে বোয়িং কোম্পানি বিমানকে যে ১২ টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়, তার মধ্যে রয়েছে অত্যাধুনিক ৭৮৭ ও ৭৭৭ মডেল। অন্যান্য উড়োজাহাজের তুলনায় বোয়িং - ৭৮৭ এর জ্বালানি খরচ কম। বিমানকে বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবে সাড়া পেলে ২০১১ সাল নাগাদ তারা উড়োজাহাজগুলো সরবরাহ করতে সক্ষম।
বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা- জানতে চাইলে এম এ মোমেন বলেন, "বিমান পরিচালনা পর্ষদ এখনো বোয়িং কোম্পানির কাছ থেকে চারটি উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। উড়োজাহাজ কেনার বিষয়ে এতো দ্রুত সিদ্ধান্ত হয় না।"
"বিমানকে বাঁচাতে হলে জরুরিভিত্তিতে নতুন উড়োজাহাজ বহরে সংযোজন করা প্রয়োজন"- মন্তব্য করে তিনি জানান, বোয়িং কোম্পানির উড়োজাহাজ বিক্রির প্রস্তাবটি এখনো বহাল আছে।
বিমান কর্মকর্তারা জানান, বোয়িং কোম্পানির প্রস্তাবনার বিষয়ে ২৮ নভেম্বর রাতেই সংস্থার পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে। তবে উড়োজাহাজ কেনার বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি। বিমানের ক্রয় সংক্রান্ত কমিটির মতামতের পরেই নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ছয় মাস আগে চারটি সুপরিসর উড়োজাহাজ ইজারার মাধ্যমে কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আশাবাঞ্জক সাড়া না পাওয়া যাওয়ায় তারা এখন সরাসরি উড়োজাহাজ নির্মাতা সংস্থার সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। বিমানের পরিকল্পনায় রয়েছে, ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উড়োজাহাজ কিনে পর্যায়ক্রমে পুরনো উড়োজাহাজগুলো বিক্রি করে দেওয়া।
সংস্থাটির বহরে এখন পাঁচটি ডিসি- ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ- ২৮ উড়োজাহাজ রয়েছে। এগুলো ১৫ থেকে ২৫ বছরের পুরনো হওয়ায় প্রায়ই যান্ত্রিক ত্র"টির কারণে বিকল থাকছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৮৩৬ঘ.
bdnews24