চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন এক জাহাজের সাত শ্রমিক।
এরা হলেন, মোহাম্মদ দুলাল(২৮), আবু সালেহ(৩৯), জাফর হোসেন(৩৫), নুরুল ইসলাম(২৯), জাহাঙ্গীর আলম(২৮), আইয়ুব মৃধা(২২) ও আবদুল মান্নান(৪৫)। এরা সবাই এমভি ফজলুল হক-৩ নামে একটি লাইটারেজ জাহাজের শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমভি ফজলুল হক-৩ এ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত সাত শ্রমিককে অসুস্থ অবস্থায় সকাল ১০টায় হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থদের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে জাহাজে রান্না করা লাল শাক খেয়ে তারা অসুস্থ' হয়ে পড়েন। সকালে অবস্থার অবনতি ঘটলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শ্রমিকরা হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে মুজিবর রহমান বলেন, তারা এখন আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৮১৫ ঘ.
bdnews24