যশোর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে উদীচী হত্যা মামলার পুন: তদন্তে হরকাতুল জিহাদের শীর্ষ দুই নেতার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার যশোর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান রিমান্ড শুনানি শেষে জঙ্গি নেতা আব্দুর রউফ ও আবুল হোসেন খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডি যশোর জোনের এএসপি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদীচী হত্যা মামলায় জিজ্ঞসাবাদের জন্য মুফতি হান্নানসহ ওই দু'জঙ্গি নেতার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। তবে আদালতে মুফতি হান্নানের হাজির করা সম্ভব না হওয়ায় তার রিমান্ড শুনানি হয়নি।"
আতাউর রহমান জানান, মঙ্গলবার থেকেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচীর অনুষ্ঠানে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। ২০০৬ সালের ২৮ জুন এই মামলার রায়ে ২৩ আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়।
পরে গুরতর অপরাধ দমন টাস্কফোর্স মামলাটি পুন:তদন্তের জন্য সিআইডি যশোর জোনের এএসপি আতাউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। ২০০৬ সালের ১৯ নভেম্বর ঢাকার একটি আদালতে মুফতি হান্নানের দেওয়া স্বীকারোক্তির সূত্র ধরে তাকেসহ আটক অপর দু'জঙ্গি নেতা আব্দুর রউফ ও আবুল হোসেন খোকনকে শোন অ্যারেস্ট দেখানো হয়।
১৭ জানুয়ারি এই তিন জনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত ২১ জানুয়ারি শুনানির দিন ধার্য ছিল। তাদের আদালতে হাজির করা হলেও শুনানি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬১৮ ঘ.
bdnews24