২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় র‌্যাবের 'ক্রসফায়ারে' চরমপন্থী নিহত

নওগাঁর রানীনগর উপজেলায় র‌্যাবের 'ক্রসফায়ারে' পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য অজিত ওরফে স্বাধীন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

নওগাঁ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলায় র‌্যাবের 'ক্রসফায়ারে' পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য অজিত ওরফে স্বাধীন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় দিকে রানীনগরের রাতোয়াল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণপাশে এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব-৫ এর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'চরমপন্থী' দলের সদস্য অজিতকে গত শনিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার ভোররাতে অজিতকে নিয়ে রানীনগরে অস্ত্র উদ্ধারে যায়। ভোর ৫টার দিকে রাতোয়াল গ্রামে ঢুকলে অজিতের সহযোগী চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। র‌্যাবের ওই কর্মকর্তা জানান, গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে অজিত ঘটনাস্থলেই মারা যায়। ওই সময়ে চরমপন্থীরাও পিছু হটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি শাটারগান, একটি পাইপগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পুলিশ অজিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব জানায়, নিহত অজিতের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলা রয়েছে। অজিতের বাড়ি রানীনগর উপজেলার ভাটকৈ গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.